একটা যুগের অবসান! আইপিএলে আর কখনো ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যাবে না মাহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল থেকে অবসর নেওয়ার মাধ্যমে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
প্রায় দুই দশকের সম্পর্ক, অসংখ্য স্মৃতি আর পাঁচটি আইপিএল শিরোপা—চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির গল্পটা শুধুই ক্রিকেটের নয়, আবেগেরও।
২০০৮ সালে শুরু হওয়া এই পথচলায় ধোনি নিজেকে পরিণত করেছেন সিএসকের প্রাণ হিসেবে। ২৭৮টি আইপিএল ম্যাচে করেছেন ৫ হাজার ৪৩৯ রান। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি অধিনায়ক হিসেবে গড়েছেন একের পর এক ইতিহাস।
ক্রিকেটার ধোনির বিদায়ে চেন্নাই সুপার কিংসের মালিক এন. শ্রীনিবাসন জানান, ‘ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। সিএসকে সব সময় তাঁর ঘর।’
ক্রিকেটের ২২ গজকে ধোনি বিদায় জানালে নতুন দায়িত্বে মেন্টর হিসেবে থাকবেন চেন্নাইয়ের সঙ্গে। মাঠে ব্যাট হাতে না নামলেও ডাগআউট থেকে তাঁর অভিজ্ঞতা ও পরামর্শেই এগিয়ে যাবে সিএসকের নতুন প্রজন্ম।
হলুদ জার্সিতে ধোনির সেই হেলিকপ্টার শট, শেষ ওভারের রোমাঞ্চ আর ট্রফি হাতে উদ্যাপন—এ সব কিছু এখন শুধুই স্মৃতি!
তবে ধোনির গল্প এখানেই শেষ নয়। কারণ, কিছু কিংবদন্তি কখনো বিদায় নেন না, তাঁরা শুধু নিজেদের ভূমিকা বদলান। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি এবার ৬ বছর পর সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন।
২০২৭ আইপিএলে সমর্থকরা ধোনির নতুন দায়িত্ব দেখতে পারবেন, তাও আবার সেই চিরচেনা হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে।