সাকিবদের ম্যাচের ফাঁকে তাঁদের ম্যাচও দেখতে বললেন জামাল ভূঁইয়া

বিকেল সাড়ে ৩ টায় রশিদ খানদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা। এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচের মাঝপথেই বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় ফয়সাল শায়েস্তেকদের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা।

হ্যাঁ, আজ ক্রিকেট ও ফুটবলে দুটি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখা যাবে। বিকেল পাঁচটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। এশিয়া কাপের জন্য সাকিবদের শুভকামনা জানালেও জামাল আশা করেন, তাঁদের খেলাও দেখবেন বাংলাদেশের সমর্থকেরা।

একই দিনে দুইটি ভিন্ন খেলায় একই প্রতিপক্ষ। বিষয়টি মজার বলে গতকাল সংবাদসম্মেলন করতে এসে ক্রিকেট নিয়েও কথা বলতে হয়েছে দুই দলের অধিনায়ককে। আফগানিস্তানের কুয়েতি কোচ তো দুই ম্যাচেই বাংলাদেশ চাপে থাকবে বলে জানিয়ে দিয়েছেন।

এর আগে আফগান অধিনায়ক ফয়সাল শায়েস্তেক রশিদ খানদের শুভেচ্ছা জানিয়েছেন আজকের ম্যাচের জন্য, ‘আফগানিস্তান ক্রিকেট দল সব সময় আমাদের সমর্থন করে। আফগান দলে জাদরানসহ কয়েকজন ক্রিকেটারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কালকের (আজ) ম্যাচের জন্য ওদের শুভকামনা। আফগানিস্তান ক্রীড়াপ্রেমী দেশ। লোকে ক্রিকেট, ফুটবলসহ সব খেলাই ভালোবাসে। আশা করি, আফগানিস্তান ক্রিকেট দল ভালো ফল করবে বাংলাদেশের বিপক্ষে। আমরাও ভালো কিছু করতে চাই।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও চাইছেন দুই ম্যাচেই বাংলাদেশ জিতুক, ‘কালকের (আজ) দিনটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। একই দিনে ক্রিকেট, ফুটবল দল একই দেশের বিপক্ষে খেলবে। তবে দিন শেষে জয়টাই বড়। আমি চাইব, বাংলাদেশ ক্রিকেট দল জিতুক। ওদের জন্য শুভকামনা। আশা করি, বাংলাদেশ জিতবে।’

শুভকামনা জানালেও, এশিয়া কাপের উত্তেজনায় তাঁরা  যেন আড়ালে পড়ে না যান, সেটাও কাম্য জামালের, ‘আশা করি, ক্রীড়াপ্রেমীরা আমারদের ফুটবল ম্যাচও দেখবেন।’