বিশ্বকাপ বাছাইপর্ব প্রাথমিক রাউন্ড

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেলেন তিন নতুন মুখ

অক্টোবর মাসটা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ১২ ও ১৭ অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের সঙ্গে দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচটা ‘অ্যাওয়ে’, খেলা হবে মালদ্বীপে, পরেরটা ঘরের মাটিতে ‘হোম’ ম্যাচ। এই দুই ম্যাচ উপলক্ষে এর মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

তবে এর মধ্যে আপাতত বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড় নেই। কারণ আর কিছুই নয়, আগামী ২ অক্টোবর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি কাপে ভারতের ওডিশা এফসির বিপক্ষে খেলছে বসুন্ধরা কিংস, সে জন্য এখনও ওই দলের কোনো খেলোয়াড়কে ক্যাম্পে ডাকেননি কাবরেরা। ওই ম্যাচের পর বসুন্ধরার কোন কোন খেলোয়াড় মালদ্বীপের বিপক্ষে খেলবেন, সেটা জানাবেন এই স্প্যানিশ কোচ। শুধু তাই নয়, ঘোষিত দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার নামও। তবে আর্জেন্টিনার সল দে মায়ো ক্লাবে খেলা এই মিডফিল্ডার কিছুদিন পর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

কাবরেরা আপাতত যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন, এর মধ্যে নতুন মুখ তিনজন – ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ হোসেন ও ফরোয়ার্ড আরমান ফয়সাল। আজ এই ১৫ জন খেলোয়াড়রা ক্যাম্পে রিপোর্ট করে অনুশীলন শুরু করে দিয়েছেন।

বাছাইপর্বের এই দুই ম্যাচফ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ মালদ্বীপ-বাধা পেরোতে না পারলে আগামী দেড় বছর ফিফা-এএফসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হবে না বাংলাদেশের। জাতীয় দলের খেলা দেখার জন্য শুধু আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অপেক্ষা করতে হবে তখন। মালদ্বীপ-বাধা পেরোতে পারলে বিশ্বকাপের মূল বাছাইপর্বের ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে খেলার সুযোগ পাবেন জামাল ভুঁইয়ারা।

ঘোষিত ১৫ সদস্যের দল :

পাপ্পু হোসেন, মিতুল মারমা, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, রবিউল হাসান, মুরাদ হাসান, মোহাম্মদ হৃদয়, আলমগীর মোল্লা, জায়েদ আহমেদ, সাজ্জাদ হোসেন, দীপক রায়, আরমান ফয়সাল, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম