স্কটিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলে আরব্রথ। বড়দিনের পর গতকাল খেলতে নেমে মহা বিপদে পড়েছিলেন ক্লাবটির কোচ জিম ম্যাকইনটায়ার। চোটাঘাতে মূল একাদশের অনেকেই নেই। মাঠের একাদশ ছাড়া বেঞ্চে মাত্র চারজন নিয়ে খেলতে গিয়েছিলেন রেইথ রোভার্সের মাঠে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনজন বদলি নামানো সারা ম্যাকইনটায়ারের। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় চতুর্থ খেলোয়াড়কেও নামাতে হলো। ৫৮ মিনিটে চোট পান অ্যারন স্টিল। বেঞ্চে আর কেউ না থাকায় দ্বিতীয় গোলকিপার ৩২ বছর বয়সি অ্যালাসডায়ার অ্যাডামসকেই আউটফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়।
৩ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল খেয়ে বসে আরব্রথ। ১৫ মিনিট পর ঘটে বিস্ময়কর সে ঘটনা। রোভার্সের ডি-বক্সের অনেক বাইরে বল পান অ্যাডামস। পাশের সতীর্থকে পাস দিতে পারতেন। কিন্তু নিজের শরীরকে ঘুরিয়ে গোলার মতো এক শট নেন।
রোভার্স রোভার্স ঝাঁপিয়েও সে বল জালে যাওয়া ঠেকাতে পারেননি। ৮১ মিনিটে পেনাল্টি থেকে আরব্রথকে সমতায় ফেরান লেইটন ম্যাকইনটশ।
মজার ব্যাপার, এর আগেও এমন বিস্ময়কর গোল করতে দেখা গেছে অ্যাডামসকে। ২০২০ সালে নিজ অর্ধ থেকে ৫৫ গজ দূর থেকে ফ্রি কিকে গোল করেছিলেন তিনি। ম্যাকইনটায়ার চাইলেই এখন থেকে বদলি হিসেবে তাঁকে নামানোর কথা ভাবতেই পারেন।