নতুন কোচ এসেই বললেন, নেইমারকে ছাড়াই এগোতে হবে ব্রাজিলকে

দরিফাউ জুনিয়র ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে গেছেন। বাংলাদেশ সময় গতকাল গভীর রাতে ৬১ বছর বয়সী কোচকে নেইমারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

তবে দায়িত্ব নেওয়ার পরই দরিফাউ জুনিয়র ব্রাজিলের এগিয়ে যাওয়ার যে মন্ত্র জপেছেন, তাতে বোঝা যাচ্ছে, ব্রাজিল দলকে নেইমারকে ছাড়াই খেলতে শেখার ওপর জোর দিচ্ছেন তিনি। দরিফাউ যে বলেছেন, নেইমারকে ছাড়াই এগিয়ে চলতে শেখা উচিত ব্রাজিলের।

এতটুকু শুনে নেইমার ভক্তদের অবশ্য কলজে কেঁপে উঠতে পারে। একে তো দরিফাউ জুনিয়র ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন – এ খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ২০১০ সালে নেইমারের সঙ্গে ঝামেলার কারণে সান্তোস থেকে দরিফাউকে ছাঁটাই করার খবর আবার আলোচনায় এসেছে, তারওপর দরিফাউ ব্রাজিলের দায়িত্ব নিয়েই বললেন নেইমারকে ছাড়া চলতে শেখার কথা। তাহলে কি পুরোনো ক্ষোভ থেকেই এমন কিছু বলছেন ব্রাজিলের নতুন কোচ?

কোনো ব্রাজিল বা নেইমারভক্ত এভাবে ভেবে থাকলে ভুলই ভাবছেন। কেন? দরিফাউ জুনিয়রের কথায়ই এর ব্যাখ্যা আছে, ‘ব্রাজিলকে নেইমারকে ছাড়াই এগিয়ে চলতে শেখা উচিৎ, কারণ ও তো এখন চোটে পড়েছে। আমাদের দলে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন (নেইমার) আছে, (নেইমার চোট কাটিয়ে ফিরলে) তখন আমরা ওকে ঘিরে দল সাজাতে পারব।’

নেইমার ফিট হওয়ার আগে তাঁকে নিয়ে আপাতত ভাবছেন না ব্রাজিল কোচ, ‘নেইমার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তবে তার আগে ওকে পুরোপুরি সুস্থ হয়ে, ফিট হয়ে, পুরো মনোযোগ নিয়ে তো দলে আসতে হবে!’

নেইমার তো এই মুহূর্তে এসিএল চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে, আগামী জুনে কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। এমনিতেই নেইমারকে ছাড়াই তাই পরিকল্পনা আঁটতে হচ্ছে দরিফাউকে।

তারওপর অনেকদিন ধরেই নেইমারের ওপর অতিনির্ভরশীল হয়ে পড়ছে ব্রাজিল, এতে ব্রাজিলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে বলে ধারণা অনেকের। নেইমারকে আটকে দিলেই যে ব্রাজিলকে আটকে দেওয়া সহজ হয়ে যাচ্ছে। সে ক্ষেত্রেও নেইমারকে ছাড়া ব্রাজিলকে খেলতে শেখানোর ওপর জোর দেওয়ারই কথা ব্রাজিলের নতুন কোচের।

তবে নেইমারভক্তদের জন্য স্বস্তি হতে পারে দরিফাউ জুনিয়রের অন্য কথাটা, যখন সান্তোসে নেইমারের সঙ্গে পুরোনো ঝামেলা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘নেই (নেইমার) –এর সঙ্গে আমার কোনো ঝামেলাই নেই। ওই সময়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, সেটা আমাদের কারওই প্রত্যাশিত ছিল না। সান্তোস বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি। এই তো! আমাদের মধ্যে কখনো ঝামেলা ছিল না।’