লিওনেল মেসি তাঁর ক্লাব ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে প্রীতি ম্যাচে মাঠে না নামার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ক্ষোভে আগামী ১৮-২৬ মার্চ চীন সফরে গিয়ে যে দুটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার, নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে সে ম্যাচ দুটি বাতিল করেছে চীন।
চীনের রাগে লাভ হলো যুক্তরাষ্ট্রের। আর্জেন্টিনার সেই ম্যাচ দুটি চীনের বদলে হচ্ছে যুক্তরাষ্ট্রে। একটি ম্যাচের প্রতিপক্ষও বদলেছে। ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রের কোন শহরে আর কবে হবে, তা জানা গেছে আজ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে তা জানিয়েছে।
চীন নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলার কথা থাকলেও এখন যুক্তরাষ্ট্রে মেসিরা খেলবেন নাইজেরিয়া ও এল সালভাদরের বিপক্ষে। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকেই তো তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা চলছে। যেখানেই ইন্টার মায়ামির ম্যাচ থাকে, সেখানেই টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ফিলাডেলফিয়া আর লস অ্যাঞ্জেলসের দর্শকদের এবার মেসিকে বাড়তি দেখার সুযোগ মিলছে আর কী!
চীনের ক্ষোভে তাই তাঁরা খুশিই হবেন। গত ৪ ফেব্রুয়ারি হংকংয়ে মেসি ইন্টার মায়ামির হয়ে নামেননি চোটের কারণে। কিন্তু চীনা কর্তৃপক্কজ তা মানতে চায়নি। এ নিয়ে ক্ষোভেই আর্জেন্টিনার ম্যাচ দুটি বাতিল করে। মেসি অবশ্য দুদিন আগে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক ভিডিওবার্তায় ওই ঘটনার আসল কারণ ব্যাখ্যা করেছেন, বলেছেন, আসলেই চোটের কারণে খেলতে পারেননি।