আগামী ২১ ও ২৬ মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামছে বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে কুয়েতে, দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়।
সেই দুই ম্যাচ ঘিরে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর জাতীয় দলে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গতকাল সেই গুঞ্জনের ইতি টেনেছে বাফুফে।
ফিলিস্তিনের বিপক্ষে অনুষ্ঠিত দুটির আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় ফুটবল দল। ১ মার্চ সৌদি আরব রওনা দেওয়ার আগে গতকাল ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেখানে নেই লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম। গতকাল ঘোষিত দল নিয়ে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাফুফেতে। সেখানে উঠে এসেছিল হামজা প্রসঙ্গ।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সরাসরি হামজা প্রসঙ্গে বলেছেন, ‘আমার চেয়ে ফেডারেশন এবং ম্যানেজমেন্ট এই ব্যাপারে ভালো তথ্য দিতে পারবে।’
তবে হামজার মানের খেলোয়াড়কে দলে পেতে যে মুখিয়ে আছেন, সেটা জানিয়েছেন কোচ, ‘এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না, এ বিষয়টি হয়তো এতটা প্রাসঙ্গিক নয়। কিন্তু এই সম্ভাবনা আজ হোক, কাল হোক সত্যি হতে পারে এবং আমাদের এ বিষয়ে খুবই ইতিবাচক থাকতে হবে। আশা করি, আজ হোক, কাল হোক আমাদের জাতীয় দল তার মতো খেলোয়াড় পাবে।’