রমজান শুরু হয়েছে পুরো বিশ্বজুড়ে। যার প্রভাব অনুমিত ভাবেই ইউরোপ মাতানো মুসলিম ফুটবলারদের ওপর পড়েছে। রমজান আসলেই বিভিন্ন দেশের ফুটবলাররা তা পালনে ভিন্ন পন্থা বেছে নেন। এবার নিজের সব সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে আলোচনায় এসেছেন আইভরি কোস্টের ফুটবলার আমাদ দিয়ালো।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার নিজের নামের পাশে বড় কীর্তি যোগ না করতে পারলেও এবার এসেছেন আলোচনায়। হঠাৎ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব কিছু সরিয়ে নেওয়ার পরই আলোচনার তৈরি হয় দিয়ালোকে নিয়ে।
নিজের ইন্সটাগ্রাম থেকে ছবি সরিয়ে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন ইন্সটাগ্রাম আনইন্সটল করে ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন আইভরি কোস্টের এই ফুটবলার। তবে সকলের ধারণা ভুল প্রমাণ হয় জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজো রোমানোর পোস্টের পর।
রোমানো তাঁর এক্সে এই টুইট বার্তায় জানান, দিয়ালো রমজান মাসে তাঁর সম্পূর্ণ দৃষ্টি দেওয়ার জন্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন।
দিয়ালোর তাঁর স্নেপ চ্যাট বার্তায় লিখেন, ‘আমি রমজানকে কেন্দ্র করে এক মাসের জন্য আমার সোশ্যাল মিডিয়া নিষ্ক্রিয় করেছি। ঘৃণা বন্ধ করুন, আমি যা করেছি তাতে কোনো দোষ নেই। এটি আমার জন্য পবিত্র মাস এবং সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে উপবাসের সময় খারাপ জিনিস দেখা যায়।’