গত ডিসেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাইপাস সার্জারির পর চিকিৎসা–সংক্রান্ত কিছু কাজে জার্মানিতে গিয়েছিলেন। প্রায় তিন মাস পর গতকাল বুধবারই প্রথম এসেছিলেন বাফুফেতে।
সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। বলেছেন, ফুটবলকে ভালোবাসেন বলেই এত গালি খেয়েও বারবার ফিরে আসেন তিনি।
প্রথমেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন কিংবদন্তি। তাঁর কথা অনুযায়ী এখন তিনি পূর্ণ সুস্থ, ‘আমার কোনো পরিবর্তন আসেনি। আমি সকাল-বিকাল গরুর মাংস খেয়েছি। দুপুরে স্টেক খেয়েছি, বিকেলে ল্যাম্ব চপ খেয়েছি। ছাড়ার মধ্যে শুধু সিগারেট ছেড়ে দিতে হয়েছে।’
সার্জারির পর আবার নতুন করে ফুটবলে ফেরার প্রসঙ্গে বাফুফে সভাপতি বললেন, ‘যখন ফুটবলে ফিরে আসি তখন মনে হয় এটা আমার পৃথিবী। ফুটবল ভীষণভাবে আমার রক্তে মিশে আছে। আপনারা যতই গালি আমাকে দেন তারপরও যখন আমি এখানে ফিরে আসি, তার মানে এখানে কোনো টাকা-পয়সা নেই। এটা আমার রক্তে।’
এ বছরের অক্টোবরে হবে বাফুফের নির্বাচন। শারীরিক এমন অবস্থা নিয়েও আবারও নির্বাচনে দাঁড়াতে দেখা যাবে কি না―এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমি যদি ফুটবল করি, আগের মতোই করব। যদি সিদ্ধান্ত নিই করব না, তাহলে করব না। কোনো জিনিস আমি আধা-আধি করব না। এমন না যে আমি সভাপতি হওয়ার দৌড়ে থাকব কিন্তু আসব না, কাজ করব না; আমি এমনটা করব না। যা করব, করব। না করলে করব না। যে কারণে আমি ফুটবলার হয়েছি, ক্রিকেটে যাইনি। ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়ে শুধু রিপোর্ট করেছি, কিন্তু জয়েন করিনি। কারণ আমি যেটা করব শুধু সেটাই করব।’