থার্টিফার্স্ট নাইটের পার্টিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের। গ্রেফতারের পর মামলার তদন্ত চলাকালেই প্রায় ১৪ মাস জেল খেটেছেন তিনি। মামলার আসামি হয়ে একদিকে যেমন সম্মান হারিয়েছেন, পাশাপাশি খালি হয়ে ব্যাংক-ব্যালেন্সও। স্ত্রীও চলে গেছেন সাবেক বার্সা ফুটবলারকে ছেড়ে। এতকিছুর পরেও জামিন পেয়ে আবার পার্টিতে মজেছেন আলভেস।
গত ফেব্রুয়ারিতে আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন বার্সেলোনার একটি আদালত। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্রাজিলিয়ান ফুটবলার। এ আপিলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আলভেসের জামিন মঞ্জুর করেছে স্প্যানিশ আদালতটি। অবশ্য এজন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি ছিল জরিমানা বাবদ আলভেসকে ১০ লাখ ইউরো দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটির কাছাকাছি।
এতগুলো টাকা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না আলভেস। এর আগে খবর বের হয়েছিল, জাতীয় দলের সতীর্থ নেইমার এগিয়ে এসেছেন আলভেসের দুঃসময়ে। বাবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেছেন সাবেক বার্সা স্ট্রাইকার। নেইমারের বাবা সে গুঞ্জন অস্বীকার করেছেন। পরে স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, নেইমার নন, বার্সার সাবেক ও বর্তমানে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই দিয়েছেন সে অর্থ।
তা যা-ই হোক, জামিনে মুক্তির দিন দুয়েক পরেই বাসায় পার্টির আয়োজন করে আলোচনায় এসেছেন আলভেস। তবে এবার আর বিলাসী পার্টি ছিল না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, গত মঙ্গলবার রাতে বাবা দমিঙ্গোস আলভেস দা সিলভার জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছেন আলভেস।
এক প্রতিবেদকের বরাতে উঠে এসেছে পার্টির বিস্তারিত। তিনি বলেছেন,‘রাতে তারা সে বাসায় সমবেত হন। সেখানে কোনো সংবাদকর্মী উপস্থিত ছিলেন না। পরে দানি আলভেসকে নিয়ে (ডমিঙ্গোস আলভেস দ্য সিলভার জন্মদিন) উদযাপন করা হয়।’
মার্কা আরও জানাচ্ছে, এটা কোনো ছোটখাটো পার্টি ছিল না। সারা রাত ধরে চলার পরে ভোর পাঁচটায় পার্টি শেষ হয়েছে। এ পার্টিতে তাঁদের পরিবারের লোকজন ছাড়াও আত্মীয়-স্বজন ও আলভেসের কয়েকজন ফুটবলার বন্ধু উপস্থিত ছিলেন।
এই সপ্তাহে জামিন পেয়েছেন আলভেস। এ জামিনের আরেকটি শর্ত হলো, স্পেন ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। তার ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট দুটিও আদালতে জমা দেওয়া আছে।