চাকরির শর্ত পূরণের আগেই চাকরির মেয়াদ বাড়ল তাঁর

হান্সি ফ্লিককে ছাঁটাই করার পর গত বছরের সেপ্টেম্বরে জার্মানির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইউলিয়ান নাগেলসমান। তবে সেটা ছিল স্বল্পমেয়াদে। তাঁর চুক্তির মেয়াদ ছিল এ বছরের জুলাই পর্যন্ত। অর্থাৎ সাবেক এ বায়ার্ন কোচকে ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

ইউরোতে জার্মানির সফলতার ওপর নির্ভর করে নাগেলসমানের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে জার্মানি - এমনই ধারণা ছিল সবার। তবে ইউরোর প্রায় দুই মাস বাকি থাকতেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডিএফবি। নাগলসম্যানের চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।

নাগলসম্যানের অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে জার্মানি। এর মধ্যে গত মার্চে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে পাওয়ার জয়ের সুবাদেই এমন সুখবর পেলেন ৩৬ বছর বয়সী সাবেক বায়ার্ন মিউনিখ কোচ।

চুক্তির মেয়াদ বাড়ানোর উচ্ছ্বসিত জার্মান কোচ বলেছেন, ‘এটা মন থেকে চেয়েছিলাম। জাতীয় দলকে অনুশীলন করানো ও দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পারাটা বিরাট সম্মানের। সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ আছে আমাদের।’ 

নাগেলসমানের বয়স কম হলেও কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা প্রায় দেড় দশকের। চোটের কারণে মাত্র ১৯ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন নাগলসম্যান। এরপরের বছর থেকে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেন তিনি। ২০১০ সালে হফেনহাইমের একাডেমি কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ২০১৬ সালে দলটির মূল দল সামলানোর দায়িত্ব পান।

তিন বছর সেখানে কাটিয়ে চলে যান লাইপজিগে। সেখানে নিজের জাত চিনিয়ে দুই মৌসুম পর ২০২১ সালের জুলাইতে চলে আসেন বায়ার্ন মিউনিখে। ক্লাবটির ডাগআউট দুই মৌসুম কাটানোর পরেই জাতীয় দলের দায়িত্ব কাঁধে চেপে বসে নাগেলসমানের।