ব্রাজিলের হলুদ জার্সিটা তাঁকে ৮ মাস পর আর পাবে না

মার্তা ভিয়েরা দা সিলভা। যাকে আবার ‘স্কার্ট পরা পেলে’ নামেও ডাকা হয়। পেলে বেঁচে থাকতে তাঁর সামনেই মার্তাকে এমন নামে ডাকলেও আপত্তি তোলেননি ব্রাজিল ফুটবলের সম্রাট। অসাধারণ ফুটবলীয় নৈপুণ্য মাঠে মার্তা যা করেছেন, তাতে আপত্তি তোলার সুযোগই বা কোথায়?

২০০২ সালে অভিষেকের পর থেকে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। ফিফার বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে করেছেন সর্বাধিক ১৭ গোল। আছে ভিন্ন পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড। ব্রাজিল ফুটবল ইতিহাসে ১৭৫ ম্যাচে ছেলে-মেয়ে মিলিয়ে সর্বাধিক ১১৬টি গোল তাঁর নামের পাশে। আফসোস একটাই, পেলে তিনটি বিশ্বকাপ জিতলেও ছয়টি বিশ্বকাপ খেলা মার্তা কখনো সোনালি ট্রফিটাতে চুমু দেওয়ার সুযোগ পাননি।

সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপটা চোখের জলের জলে শেষ হওয়ার পরেই ঘোষণা দিয়েছিলেন, ওটাই ছিল শেষ বিশ্বকাপ। তখনই অনুমান করা গিয়েছিল, আর খুব বেশিদিন মার্তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না। বিষয়টি আর কেবল অনুমান নয়। চলতি বছরের শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন তর্কসাপেক্ষে মেয়েদের ফুটবলে সর্বকালের সেরা ফুটবলার। গতকাল বৃহস্পতিবার সিএনএন ইস্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন মার্তা। এতে থেমে যাবে মার্তার দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

অবসর প্রসঙ্গে মার্তা বলেছেন, ‘এটাই আমার শেষ বছর এবং আমি তা এখনই নিশ্চিতভাবে বলতে পারি। একটা মুহূর্ত আসে, যখন আমাদের বুঝতে হবে (অবসরের) সময় এসেছে। আমি অনেক ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ, তরুণ খেলোয়াড়দের মধ্যে আমি যে উন্নতি দেখেছি, সেটা নিয়ে আমি বেশ আশাবাদী।’

বিশ্বকাপের মতো অলিম্পিক গেমসেও সোনা জেতা হয়নি মার্তার। তবে ২০০৪ অ্যাথেন্স অলিম্পিক ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে খুব কাছাকাছি গিয়েও দুবারই যুক্তরাষ্ট্রের কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এখনো অলিম্পিকে সোনা জেতার সুযোগ আছে এ প্রতিযোগিতার টানা পাঁচটি টুর্নামেন্টে গোল করা মার্তার।

কদিন পরেই প্যারিসে শুরু হবে এবারের অলিম্পিক। এ টুর্নামেন্টে মার্তাকে দেখা যাবে কিনা, এ প্রসঙ্গে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘যদি অলিম্পিক দলে ডাক পাই, আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করব। কারণ অলিম্পিকে খেলি বা না খেলি, জাতীয় দলের সঙ্গে এটাই হতে যাচ্ছে আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে জাতীয় দলের জার্সিতে মার্তাকে আর দেখা যাবে না।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের কথা জানালেও ক্লাব ফুটবল নিয়ে কিছু বলেননি ব্রাজিল কিংবদন্তি। প্রফেশনাল ফুটবলে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলেন মার্তা। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ মৌসুমের শেষে।

উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে টানা ৫ বারসহ মোট ৬ বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন মার্তা। পাশাপাশি ২০০৭ বিশ্বকাপে গোল্ডেন বল ও বুট দুটোই জেতেন তিনি। এর আগে ফিফা ঘোষণা করে, ২০২৫ সাল থেকে সেরা গোলের পুরস্কার ‘মার্তা অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।