স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরের লিগে সিনেমার গল্পের মতো এক ঘটনার দৃশ্যায়ন হয়েছে। হলিউড-বলিউডের নির্মাতাদের গল্পেও এমন ঘটনার দেখা পাওয়া দুষ্কর। প্রিমেরা ফেদেরাসিওনের (স্পেনের তৃতীয় স্তরের লিগ) দেপোর্তিবো লা করুনিয়া ও সিডি আরেন্তেইরোর ম্যাচে বিরল এক ঘটনার দেখা মিলেছে।
প্রিমেরা ফেদেরাসিওনের গ্রুপ ওয়ানের ৩৪তম রাউন্ডের ম্যাচে গোলকিপারের অভাবে মাঠে নেমেছেন আরেন্তেইরোর গোলকিপিং কোচ দিয়েগো রিভাস। মূলত চোটের কারণে দলের দুই গোলকিপার দিয়েগো গার্সিয়া ও মানু ফুগুয়েরো আগে থেকেই দলের বাইরে ছিলেন। আরেন্তেইরোর দ্বিতীয় পছন্দের গোলকিপার পাবলো ব্রেয়া শতভাগ ফিট ছিলেন খেলার জন্য। তবে দেপোর্তিবো থেকে ধারে খেলতে যাওয়া এই ফুটবলার নিয়মের বেড়াজালে এই ম্যাচে খেলার অনুপযোগী ছিলেন।
দলের তিন গোলকিপার যখন খেলতে পারছেন না ঠিক তখনই মাঠে নেমে পড়েন গোলকিপিং কোচ দিয়েগো রিভাস। ম্যাচের ৬৩ মিনিটে ২-০ গোলে এগিয়ে দেপোর্তিবো, হারের ক্ষণ গণনা করা আরেন্তেইরো ৬৬ মিনিটে খাকনের নৈপুণ্যে একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার আভাস দেয়।
মাঠে নামার আগেই চরম নাটকীয়তা ছড়ানো ম্যাচটি আরো নাটকীয় মোড় নেয় ম্যাচের যোগ করা সময়ে। ৯৪তম মিনিটে গোলকিপিং কোচ দিয়েগো রিভাসের অ্যাসিস্টে আরেন্তেইরোকে গোল করে ম্যাচে ফেরান মানুয়েল রোমাই। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেন গ্যালারির দর্শক। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচ।
যেই ম্যাচে গোলকিপার নামানো নিয়েই চিন্তায় ছিল দলটি, সেই ম্যাচে দলের হারতে থাকা ম্যাচে নায়ক বনে গেলেন তাদেরই কোচ। ৩৬ বছর বয়সী রিভাসের এমন কীর্তি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে।