প্রতিবেশীদের চিরশত্রু মেনে এসেছেন, এখন হাত পাততে হচ্ছে তাদের কাছেই

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ সপ্তাহের লড়াই শুরু হয়েছে। প্রতিটি দলের ৩৬টি ম্যাচ হয়ে গেলেও এখন পর্যন্ত শিরোপা নির্ধারণ হয়নি। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল এই দুই দল শিরোপা জয়ের দৌড়ে। তবে শিরোপা জয়ের জন্য আর্সেনালকে নির্ভর করতে হবে উত্তর লন্ডনে তাদের বাড়ির পাশের ক্লাব টটেনহ্যামের ওপর। গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে ফেলেছে গানার্স। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটি থেকে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট আর্সেনালের, অপরদিকে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। গানার্সদের থেকে এক ম্যাচ কম খেলা পেপ গার্দিওলার দলের পরের ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে। সেই ম্যাচে সিটি জয় পেলেই শিরোপার দৌড়ে এগিয়ে যাবে। 

টটেনহ্যাম ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছে। শিরোপার দৌড়ে না থাকা টটেনহ্যামের জন্য সিটির বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার। তবে আজ রাতের সেই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে আর্সেনাল সমর্থকরা। শুধু সমর্থক বললে ভুল হবে, খোদ আর্সেনাল স্ট্রাইকার কাই হাভার্টজই জানিয়েছেন তিনি লিলি হোয়াইটসদের সবচেয়ে বড় সমর্থক। এক সময়ের চিরশত্রু টটেনহ্যামের কাছেই এখন আর্সেনালের ভাগ্য নির্ধারণ করছে।  

সিটির বিপক্ষে প্রতিবেশীরা জয় পেলে বা ম্যাচ ড্র করতে পারলেই ভাগ্য খুলবে গানার্সদের। গতকাল  ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলের জয়ের পর হাভার্টজ স্কাই স্পোর্টসকে বলেন, ' আমি টটেনহ্যামের সবচেয়ে বড় সমর্থক হতে যাচ্ছি।'  

জার্মান এই ফুটবলারের এমন মন্তব্যের পেছনের কারণ একটাই ম্যানচেস্টার সিটি পয়েন্ট খোয়ালেই শিরোপার দৌড়ে এগিয়ে যাবে আর্সেনাল। টটেনহ্যামের বিপক্ষে সিটি ড্র করলে ৩৭ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৮৬ হয়ে যাবে। গোল ব্যবধানে আর্সেনাল সুবিধাজনক অবস্থানে থাকায় তারাই শীর্ষে থাকবে। 

সে ক্ষেত্রে আর্সেনাল নিজেদের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিজেদের ঘরে তুলতে পারবে। তবে ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় ব্যবধানে জয়ে পেলে শিরোপা নির্ধারণের ক্ষেত্রে গোল ব্যবধান বড় সমীকরণ হয়ে দাঁড়াবে। দুই দলের মধ্যে বর্তমানে গোল ব্যবধান ৩ গোলের।