আর সপ্তাহ দুয়েকও বাকি নেই, জার্মানিতে শুরু হবে ইউরো ২০২৪। তার আগে এক অদ্ভুত কারণে খবরের শিরোনামে জার্মানি জাতীয় দল। সেখানকার সম্প্রচারক সংস্থা এআরডি জার্মানি দলে সাদা আর কালো খেলোয়াড় নিয়ে এক জরিপ চালিয়েছে, যেখানে দেখা যায়, জার্মানিতে প্রতি পাঁচজনে একজন চান, জাতীয় দলে আরও বেশি সাদা খেলোয়াড় থাকুক!
এ জরিপ দেখেই বিরক্ত হয়ে গেছেন জার্মানি মিডফিল্ডার ইয়োশুয়া কিমিখ। তাঁর চোখে এই জরিপের ফলটা ‘চূড়ান্ত রকমের বর্ণবাদী’, খেলোয়াড়কে গায়ের রঙ দিয়ে আলাদা করার এই ধারণাটাই তাঁর চোখে জঘন্য।
এআরডি’র গবেষণায় অংশ নিয়েছেন ১৩০৪ জন জার্মান। আগামী বুধবার প্রচারিত হতে যাওয়া ‘একতা ও ন্যায়বিচার এবং বৈচিত্র’ শিরোনামের এক প্রামাণ্যচিত্রের জন্য এই জরিপ করা হয়েছে। জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ২১% বলেছেন, জার্মানির জার্সিতে আরও বেশি সাদা চামড়ার খেলোয়াড় দেখতে পেলে তাদের ভালো লাগত!
এ নিয়ে আজ প্রশ্নের জবাবে শ্বেতাঙ্গ কিমিখই বলেছেন, ‘ফুটবলের আবহে যাঁরাই বড় হয়েছেন, তাঁদের সবার কাছেই কী জঘন্য একটা ব্যাপার এটা। ফুটবলই তো একটা ভালো উদাহরণ যেখানে আপনি জাতীয়তা, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক হতে পারেন! আমাদের দলটাও এই মন্ত্র মেনেই চলে।’
জার্মানি জাতীয় দলে বর্ণবাদের কোনো জায়গা নেই জানিয়ে পরে কিমিখ বলেছেন, ‘এখানে যে খেলোয়াড়েরা আছে, তাদের অনেকে না থাকলে ওদের আমি খুব মিস করতাম। এই ব্যাপারটা (জরিপের ফল) চূড়ান্ত রকমের বর্ণবাদী, আমাদের ড্রেসিংরুমে এসবের কোনো জায়গা নেই!’
কিমিখ কথাগুলো বলছিলেন হেরজোগেনআউগাখে, বাভারিয়া অঞ্চলের এই শহরেই চলছে জার্মানির ইউরো-প্রস্তুতি ক্যাম্প। ওই ক্যাম্পে থাকা ২৭ খেলোয়াড়ের মধ্যে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ৬ জন।
নিজ দেশে ইউরোর আগে যেখানে পুরো দেশ এক পতাকার নিচে এক হবে, তার আগে এমন প্রশ্নই আপত্তিকর মনে হচ্ছে কিমিখের কাছে, ‘আমরা যখন নিজ মাটিতে একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করছি, সেটা বিবেচনায় রাখলে এই প্রশ্নগুলোই ফালতু। বিশেষ করে যেখানে আমাদের লক্ষ্যই হচ্ছে পুরো দেশকে সত্যিকার অর্থে এক করে ফেলা! এখানে মূল ব্যাপারটা হচ্ছে একসঙ্গে মিলে দারুণ কিছু অর্জনের। দল হিসেবে আমরা চাই সবাই যাতে জার্মানি জাতীয় দলের সঙ্গে এক হয়েই থাকে!’
স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের সঙ্গে ইউরোতে একই গ্রুপে পড়া জার্মানি টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে – আগামী সোমবার ইউক্রেনের বিপক্ষে, এর চারদিন পর গ্রিসের বিপক্ষে।