ব্রাজিলকে তীরে ভেড়ানোর কথা ছিল, উল্টো সাগরে ভাসালেন ভিনিসিয়ুস 

কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিত হোঁচটে কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল ব্রাজিল। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে তুলে নেয় ৪-১ গোলের স্বস্তির জয়। সে ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের জয়ে বড় অবদান রেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ওই ম্যাচে একটা হলুদ কার্ডও দেখেছিলেন রেয়াল মাদ্রিদ তারকা। সেটাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য। 

আজ বুধবার লিভাইস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে দরিফাউ জুনিয়রের শিষ্যরা। 

গ্রুপ সেরা হতে না পারায় সেমিতে ওঠার রাস্তাটা কঠিনই হয়ে গেছে ব্রাজিলের জন্য। শেষ আটের লড়াইয়ে মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলা উরুগুয়ের বিপক্ষে লড়তে হবে সেলেসাওদের। দলটির সমর্থকদের জন্য আরেকটি দুঃসংবাদ, ওই ম্যাচে ভিনিসিয়ুসকেও পাবে না ব্রাজিল। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী এ লেফট উইংগার।

প্যারাগুয়ে ম্যাচের পর আজ কলম্বিয়ার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছেন ভিনিসিয়ুস। ম্যাচের সপ্তম মিনিটে হামেস রদ্রিগেসকে অবৈধভাবে আটকাতে গিয়ে কার্ড দেখেন তিনি। টুর্নামেন্টে এটি ভিনিসিয়ুসের দ্বিতীয় হলুদ কার্ড। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, দুই হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনি। ফলে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মাদ্রিদ তারকাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। তবে ব্রাজিল যদি সেমিফাইনালে উঠতে পারে, শেষ চারে আবার মাঠে নামতে কোনো বাধা নেই ভিনিসিয়ুসের।

কলম্বিয়ার বিপক্ষে আজ ম্যাচেও ভিনিসিয়ুস একেবারে অচেনা হয়েই ছিলেন। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে এড়িয়ে পানামার বিপক্ষে খেলার সুযোগ পেতে আজ ব্রাজিলকে জিততেই হতো, নেইমারকে না পাওয়া ব্রাজিল সে পথে ভিনিসিয়ুসের দিকেই তাকিয়ে ছিল। কিন্তু ভিনি নিজেকে চেনাতেই পারলেন না। পুরো ম্যাচে শটই নিয়েছেন ১টি, কোনো সুযোগ তৈরি করে দিতে পারেননি সতীর্থদের জন্য। বলে স্পর্শই করেছেন সব মিলিয়ে ২৮টি, পুরো ৯০ মিনিট খেলে সঠিক পাস দিতে পেরেছেন মাত্র ১০টি।

নাবিক হয়ে যাঁর ব্রাজিলকে তীরে টেনে আনার কথা ছিল, সেই ভিনিসিয়ুস উল্টো ব্রাজিলকে দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে দিলেন।