রাতে ইউরো জিতেছে স্পেন, সকালে কোপা আমেরিকা জিতে ফেলল আর্জেন্টিনা। ২০২৫ সালের জুন-জুলাইয়ে লা ফিনালিসিমার লাইনআপ তো তৈরিই হয়ে গেল!
মেসি ততদিন আর্জেন্টিনার হয়ে খেলে যান কি না, সে ম্যাচে স্পেনের তরুণ প্রতিভা – ছোটবেলায় যাঁকে কোলে নিয়ে মেসির ছবিটা গত কিছুদিনে ভাইরাল হয়ে গেছে – সেই লামিন ইয়ামালের বিপরীতে মেসির লড়াই হবে কি না, সেসব আকর্ষণ থাকছে। তবে আরেকদিক থেকেও অবশ্য ফিনালিসিমার সে ম্যাচ বাড়তি আকর্ষণ জাগাবে।
এ ম্যাচ যে হবে ইতিহাসে সমতায় থাকা দুই দলের লড়াই! বিশ্বকাপের আগে-পরে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ টানা দুবার জেতার কীর্তি এর আগে ছিল শুধু স্পেনের, আজ টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে সে কীর্তিতে ভাগ বসালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্পেন ২০১০ বিশ্বকাপের আগে-পরের দুই ইউরো অর্থাৎ, ২০০৮ ও ২০১২ ইউরো জিতেছিল। টানা তিন আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার সে কীর্তিতে প্রথম তারা। আজ কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের আগেই আর্জেন্টিনাকে ঘিরে প্রশ্ন ছিল – মেসিরাও কি স্পেনের কীর্তিতে ভাগ বসাতে পারবেন?
২০২১ কোপা আমেরিকা জেতার পর থেকে সর্বজয়ের পথে চলতে শুরু করা আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপে মেসি অমরত্ব পেয়েছেন। এরপর এবার কোপা আমেরিকারও ফাইনালে ওঠার পর ‘স্পেন’ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। শেষ পর্যন্ত আজ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ‘স্পেন’ই হলো। টানা তিন আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার কীর্তিতে ভাগ বসানো হয়ে গেল।
অন্যদিকে কোপা আমেরিকায় রেকর্ড তো হলোই। উরুগুয়ের রেকর্ড ১৫ কোপা আমেরিকায় ভাগ তো আগের টুর্নামেন্টে বসানো হয়ে গিয়েছিল আর্জেন্টিনার, এবার জিতে দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্টটা সবচেয়ে বেশিবার জেতার রেকর্ড আবার নিজেদের করে নিল আর্জেন্টিনা।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চেয়ে এগিয়ে গেল ৭ ধাপ! আর্জেন্টিনা (১৬) ও উরুগুয়ের (১৫) কোপা আমেরিকায় তৃতীয় সর্বোচ্চ শিরোপা যে ব্রাজিলেরই, তবে তারা এখনো দুই অঙ্ক ছুঁতে পারেনি। ব্রাজিলের শিরোপা ৯টি।