অলিম্পিকে কাল মাঠে নামছে আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকের পর্দা আনুষ্ঠানিকভাবে উঠছে আগামী ২৬ জুলাই। কিন্তু ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরের ফুটবল ইভেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। যেখানে প্রথম দিনেই ছেলেদের আটটি ম্যাচ।

অলিম্পিকের ফুটবল ইভেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোনা জয়ের লড়াইয়ে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি আলবিসেলেস্তেরা। 

আর্জেন্টিনার অলিম্পিক দলে বড় কোনো নাম নেই। লিওনেল মেসি-দি মারিয়াদের খেলার গুঞ্জন থাকলেও শেষ দিকে এসে তাদের কাউকেই অলিম্পিক দলে রাখেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

ম্যানসিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেস ও আতলেতিকো মাদ্রিদের জিউলিয়ানো স্ট্রাইকার সিমেওনে আছেন অলিম্পিক দলে। সেই সঙ্গে রয়েছেন বিশ্বকাপ জয়ী ওতামেন্দি।

এছাড়াও তরুণ ফুটবলারদের ওপর অলিম্পিকে বিশেষ নজর থাকবে আর্জেন্টাইন ভক্তদের। প্লেমেকার ক্লদিও এচেভেরি, মিডফিল্ডার এজেকিয়েল ফের্নান্দেস থাকছেন, দলে আছেন কাতারে বিশ্বকাপ জেতা দলের মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ডিফেন্ডার ক্রিশ্চিয়ান মেদিনাসহ মার্কো ডে চেসারে, গার্সিয়াদের নিয়ে স্বর্ণ জয়ের মিশনে নামবে আর্জেন্টিনা।

অলিম্পিকে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াবেন হাভিয়ের মাচেরানো। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মরক্কোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন।