‘বন্ধু’কে বিদায় জানাতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না রোনালদো

ইউরো শেষে অনেকেই ধারণা করেছিলেন, ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পর্তুগিজ তারকা পেপে। তা-ই সত্যি হলো। ৪১ বছর বয়সে এসে গতকাল দীর্ঘ ২৩ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন পেপে। এই ডিফেন্ডারের এই ঘোষণার পরই আবেগঘন এক বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

চলতি বছরের ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষেই সর্বশেষ ম্যাচ খেলেছিলেন পেপে। সে পথে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডও গড়েছিলেন। 

পর্তুগিজ তারকার বিদায়ের ঘোষণার পর রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আবেগঘন বার্তা দিয়ে লিখেন, ‘বন্ধু, তুমি যে আমার কতটা আপন তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা একসঙ্গে মাঠে সবকিছু জিতেছি। তবে সবচেয়ে বড় অর্জন বন্ধুত্ব এবং শ্রদ্ধা যা তোমার প্রতি আমার আছে। তুমি অদ্বিতীয় আমার ভাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ।’

জাতীয় দলের হয়ে রোনালদো পেপের চেয়ে ৭০টি ম্যাচ বেশি খেলেছেন। তবে ১৪১ ম্যাচ খেলা পেপে রোনালদোর খুব কাছের বন্ধু ছিলেন। 

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন ৪১ বছর বয়সী এই ডিফেন্ডার। তাঁর সময়ের সেরা ডিফেন্ডারদের একজন মানা হয় পেপেকে, তবে প্রতিপক্ষকে আটকাতে তাঁর কড়া ফাউল কিংবা মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে আঘাত করা নানা সময়ে বিতর্কিত হয়েছে। 

২০০৭ সালে পোর্তো থেকে রেয়াল মাদ্রিদে যোগ দিয়ে লম্বা সময় বন্ধু রোনালদোর সঙ্গেই মাদ্রিদ মাতিয়েছিলেন পেপে। যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে ৩টি করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পেপে। সঙ্গে দুটি ফিফা ক্লাব বিশ্বকাপও রয়েছে তার নামের পাশে।