জন্মদিনের একদিন আগেই চলে গেলেন অন্যলোকে

আজকের দিনটি ছিল তাঁর জন্মদিন। তবে ৭৮-এ পা দেয়ার একদিন আগে মারা গেলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় সংগঠক ইসা হায়াতু। দীর্ঘ ২৯ বছর টানা সভাপতিত্ব করেছিলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ)। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। লম্বা সময় ধরে ফুটবলের সঙ্গে যুক্ত থাকা ক্যামেরুনিয়ান ইসা হায়াতু গতকাল ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

বিশ্ব ফুটবলে এমন লম্বা সময় ধরে দায়িত্ব পালন করার নজির আর নেই। ইসা হায়াতু ১৯৮৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি ছিলেন। ফুটবল সংগঠক হওয়ার আগে ট্র্যাক অ্যাথলেট ও বাস্কেটবল খেলোয়াড়ও ছিলেন হায়াতু।  

এই সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  
 
২০১৫ সালে দুর্নীতির কারণে সে সময়ের ফিফা সভাপতি সেপ ব্লাটারকে আটকের পর ফিফার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ইসা হায়াতু। তবে সেই যাত্রা সুখকর ছিল না এই ক্যামেরুনিয়ানের। 

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিফার সভাপতি থাকার সময়ে আফ্রিকান ফুটবলের জন্য তাদের ইতিহাসের সবচেয়ে বড় এক চুক্তি এনে দিয়েছিলেন হায়াতু। তবে ফরাসি মিডিয়া কোম্পানি লাগাখদেখ-এর সঙ্গে আফ্রিকান ফুটবলের সে চুক্তিতে কারচুপির অভিযোগে ২০২১ সালে হায়াতুকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। তবে হায়াতুর আপিলের পর ফিফার নিষেধাজ্ঞা সেই বছরেই তুলে দেয় সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালত।