মেসি-রোনালদোর উত্তরসূরি? ব্রাজিল তারকা রেয়াল মাদ্রিদ রেখে ভাবছেন সৌদি আরবের কথা

আগামী দিনের ফুটবলে তাঁকেই মেসি-রোনালদোদের জায়গায় দেখেন অনেকে। আগামী দিন কী, বর্তমান সময়েই তো বিশ্বের সেরা তারকাদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বালন দ’রও ব্রাজিলিয়ান উইঙ্গারের হাতেই দেখেন অনেকে। বয়স মাত্র ২৪, আছেন রেয়াল মাদ্রিদের মতো ক্লাবে – ভিনিকে ঘিরে আশা তো জাগবেই!

কিন্তু সেই ভিনিই নাকি মাত্র ২৪ বছর বয়সে মাদ্রিদ ছেড়ে সৌদি আরবে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন! এমনই খবর জানাচ্ছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন! যদিও রেয়াল মাদ্রিদভিত্তিক সাংবাদিক হোয়াও ফেলিস দিয়াস ও মারিও কর্তেগানা জানাচ্ছেন, সৌদি আরবের প্রস্তাব বাতিল করে দিয়েছেন ভিনি। কর্তেগানা জানাচ্ছেন, সৌদি আরব নতুন প্রস্তাব নিয়ে আগামী দিনে আবার ভিনির দরজায় টোকা দেওয়ার কথা ভাবছে।

ব্রাজিল তারকার ঘনিষ্ঠ এক সূত্রের কথা উল্লেখ করে ইএসপিএন লিখেছে, ভিনিকে নিতে রেয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সৌদি আরবের লিগের দলগুলোতে বিনিয়োগ করা সৌদি বিনিয়োগ তহবিল – সৌদি আরব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। সৌদি চার ক্লাব – আল আহলি, আল ইত্তিহাদ, আল হিলাল ও আল নাসরের মূলধনের ৭৫ শতাংশই এই সৌদি ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন।

তবে রেয়াল মাদ্রিদ তাদের সেরা তারকাদের একজনকে ক্লাব ছাড়তে দেখতে চায় না বলেও প্রতিবেদনে লেখা।

ভিনিসিয়ুসের কাছেও এখনো সৌদি আরব থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব যায়নি বলে জানাচ্ছে ইএসপিএন। তবে পাশাপাশি এটাও জানিয়েছে, মৌখিক আলোচনার পর থেকেই সৌদি আরবে যাওয়ার প্রস্তাব বিবেচনায় রেখেছেন ভিনিসিয়ুস!

এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাদের নিজেদের লিগে নিয়ে যাওয়া সৌদি আরব তাদের লিগকে বিশ্বে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে ঢুকে গেছে – এমন আলোচনা অনেক আগ থেকেই চলছিল। দ্বিতীয় পর্যায়টা কী? রোনালদো-নেইমাররা তো ত্রিশ বছর পেরিয়ে গেছেন, ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছেন। ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া সৌদির এখনকার পরিকল্পনা, ইউরোপ থেকে ক্যারিয়ারের মধ্যগগনে থাকা তারকাদের দিকে হাত বাড়াবে তারা। ভিনিসিয়ুসের প্রতি তাদের আগ্রহ সেই পরিকল্পনার গুঞ্জনকে আরও জোরাল করবে।

গত মৌসুমে রেয়াল মাদ্রিদের লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ভিনি সব টুর্নামেন্ট মিলিয়ে ২৪ গোল করেছেন। ২০১৮ সালে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতে ফেলা ভিনিসিয়ুসকে নিয়ে এসে তাদের ২০৩৪ বিশ্বকাপের ‘অ্যাম্বাসেডর’ বানাতে চায় সৌদি আরব।

ভিনিসিয়ুসের মতো ক্যারিয়ারের মধ্যগগনে থাকা একজনকে ইউরোপ ছেড়ে, তা-ও রেয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে সৌদি আরবে যেতে রাজি করাতে চোখধাঁধানো বেতনের প্রস্তাবই যে দিতে হবে, সেটা বুঝতে তো আর বিশেষজ্ঞ হওয়া লাগে না। ইএসপিএন জানাচ্ছে, সৌদি আরবের প্রস্তাব, তারা ভিনিকে বছরে ৩৫ কোটি ইউরো বেতন দেবে। ভিনিসিয়ুস এখনো সেই প্রস্তাব নাকচ করে দেননি।

ভিনিসিয়ুস যদি সৌদিতে যেতেই চান, সেক্ষেত্রে রেয়াল মাদ্রিদও যে তাঁর সম্ভাব্য প্রস্থানের পথ দুর্গম করে তুলতে যা করার সবই করবে – এটা তো সহজেই বোঝা যায়। ইএসপিএন লিখেছে, রেয়াল মাদ্রিদের অবস্থান হচ্ছে, ভিনিকে নিতে হলে সৌদি আরবকে রেয়াল মাদ্রিদে ভিনির ‘বাইআউট ক্লজে’র ১০০ কোটি ইউরো পরিশোধ করতে হবে। মাদ্রিদে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

ভিনির ঘনিষ্ঠ সে সূত্রের কথা জানিয়ে ইএসপিএন লিখেছে, সৌদি আরব এত টাকা দিতে রাজি নয়। সে ক্ষেত্রে চুক্তিটা শুধু তখনই হবে, যদি রেয়াল মাদ্রিদ বাইআউট ক্লজের চেয়ে কম অর্থে ভিনিকে ছাড়তে রাজি হয়।

কদিন আগে কিলিয়ান এমবাপ্পেকে দলে নিয়েছে রেয়াল মাদ্রিদ। মাঠে এমবাপ্পে আর ভিনিসিয়ুসের খেলার পজিশন একই বলে এমবাপ্পে যোগ দেওয়ার পর থেকেই অবশ্য আলোচনা ছিল যে, দুজনকে একসঙ্গে কীভাবে খেলাবে মাদ্রিদ!