বাবা হওয়ার পাঁচ দিন পর মাঠে ঢলে পড়েছিলেন, তার পাঁচ দিন পর মৃত্যু ফুটবলারের

পাঁচদিন ধরে তাঁর পরিবারের প্রতিটি মুহূর্ত কেটেছে হাসপাতালের করিডোরে, আশা আর দুশ্চিন্তার দোলাচলে। এই খবর এল তিনি কিছুটা স্থিতিশীল, তো কিছুক্ষণ পর শোনা গেল তাঁর অবস্থা ‘ক্রিটিক্যাল!’ উরুগুয়েতে তাঁর ক্লাব নাসিওনালের সমর্থকেরা তো বটেই, যে ম্যাচে তিনি মাঠে লুটিয়ে পড়েছিলেন সেই ম্যাচের প্রতিপক্ষ সাও পাওলোর সমর্থকেরাও প্রার্থনায় কাটিয়েছেন এই পাঁচটি দিন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরাও কি নয়?

কিন্তু এত প্রার্থনাও আর ফেরাতে পারল না হুয়ান ইসকিয়ের্দোকে। গত ২২ আগস্ট দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্ট কোপা লিবের্তাদোরেসের শেষ ষোলোতে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর মাঠে ম্যাচটিতে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন। যমে-ডাক্তারে টানাটানির পর গতকাল রাতে অন্যলোকে পাড়ি জমিয়েছেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার। হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, রাত ৯টা ৩৮ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইসকিয়ের্দো।

এই দিন দশেক আগেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছিলেন ইসকিয়ের্দো। প্রথম সন্তানের বয়স দুই বছর। যে সময়টা হওয়ার কথা ছিল তাঁর জীবনের গভীর আনন্দের, সে সময়ে স্ত্রী আর ছোট্ট দুই শিশুকে রেখে অন্যলোকে চলে যেতে হলো ইসকিয়ের্দোকে!

মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ক্লাব নাসিওনাল সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে লিখেছে, ‘বুক জুড়ে থাকা গভীর বেদনা আর বিহ্বলতা নিয়ে ক্লাব নাসিওনাল আমাদের প্রিয় খেলোয়াড় হুয়ান ইসকিয়ের্দোর চলে যাওয়ার ঘোষণা দিচ্ছে। তাঁর পরিবার, বন্ধু, সতীর্থ ও ভালোবাসার মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। নাসিওনালের সবাই আজ এমন অপূরণীয় ক্ষতিতে শোকাহত।’

দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রধান আলেহান্দ্রো দমিঙ্গেস লিখেছেন, ‘দক্ষিণ আমেরিকার ফুটবল আজ শোকাহত।’ সাও পাওলো এমন মৃত্যুর খবরে শোক জানানো পোস্টে লিখেছে, এ দিনটি ‘ফুটবলের জন্যই বেদনার এক দিন।’

দুঃস্বপ্নসম ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবার ম্যাচের ৮৪তম মিনিটে। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়াতেসের বদলি হিসেবে মাঠে নামেন ইসকিয়ের্দো। এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বল যখন সাও পাওলোর অর্ধে, মাঝমাঠে নিজেদের অর্ধে হঠাৎ আপনাআপনি দুলতে দুলতে ঢলে পড়ে যান ইসকিয়ের্দো। তিনি দুলতে থাকার সময়েই তাঁর ডানপাশে থাকা সতীর্থ দৌড়ে গিয়েছিলেন, কিন্তু ওই সতীর্থ ধরে ফেলার আগেই মাটিতে পড়ে যান ইসকিয়ের্দো।

মাঠেই অ্যাম্বুলেন্স ডাকা হয়। প্রাথমিকভাবে সিপিআর দেওয়া হয় ইসকিয়ের্দোকে। এরপর দ্রুত আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। গত সোমবার হাসপাতালের পক্ষ থেকে সরবরাহ করা বিবৃতিতে ডাক্তাররা বলেছিলেন, ইসকিয়ের্দোকে রোববার থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাঁর ‘ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার’ (খুলি বা মস্তিষ্কে ফ্লুইডের চাপ) বেড়ে যাওয়ায় সোমবার থেকে তাঁকে নিউরোলোজিক্যাল ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়।

ইসকিয়ের্দোকে নিয়ে শঙ্কা ও দুশ্চিন্তার কারণে এই সপ্তাহে উরুগুয়ের প্রথম ও দ্বিতীয় বিভাগের সব ম্যাচ স্থগিত করা হয়। গত রোববার সাও পাওলোর খেলোয়াড়েরাও ব্রাজিলিয়ান লিগে ভিতোরিয়ার বিপক্ষে ম্যাচে ইসকিয়ের্দোর দ্রুত সেরে ওঠার প্রার্থনায় বিশেষ জার্সি পরেছিলেন।

২০১৮ সালে স্থানীয় ক্লাব চেররোতে ক্যারিয়ার শুরু হয়েছিল ইসকিয়ের্দোর। পরের বছর উরুগুয়ের আরেক বিখ্যাত ক্লাব পেনিয়ারলে যোগ দিলেও তেমন খেলার সুযোগ পাননি। এরপর মন্তেভিদেও ওয়ান্ডারার্সে যোগ দেন। নাসিওনাল তাঁকে কেনে ২০২২ সালে, সে বছর দলের হয়ে উরুগুয়ের লিগ জেতেন ইসকিয়ের্দো। তবে পরের বছর মন্তেভিদেওর লিভারপুল ক্লাবে যান, সেখানে দারুণ খেলে ক্লাবটাকে গত ১০০ বছরে তাদের প্রথম লিগ জেতান। উরুগুইয়ান সুপারকাপও জেতে মন্তেভিদেওর লিভারপুল। এরপর আবার এ বছর নাসিওনালে ফেরেন ইসকিয়ের্দো।