মেসিকে অপমান, ক্রিপ্টোকারেন্সিতে তোলপাড় – এমবাপ্পের টুইটে ঘটল সব

মাদ্রিদে এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেননি কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় দুই ম্যাচ খেলে এখনো গোল পাননি। এর মধ্যেই তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। এবং সেটা ঘুমিয়ে ঘুমিয়েই। রেয়াল মাদ্রিদ তারকার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে আজ বিতর্কিত সব পোস্ট করা হয়েছে।

নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লিওনেল মেসিকে অপমান করতে দেখা গেছে এমবাপ্পেকে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার পরামর্শ দিতে দেখা গেছে, ম্যানচেস্টার সিটি ও টটেনহামকে অপমান করতে দেখা গেছে।

মাদ্রিদ সময়ে গভীর রাতে এমবাপ্পে এসব পোস্ট কেন করছেন সেটা অবশ্য একটু পরই বোঝা গেছে। অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তাঁর। ততক্ষণে ক্রিপ্টোকারেন্সির বাজারে তোলপাড় হয়ে গেছে।

এমবাপ্পের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথমে টুইট করা হয় নতুন এক ক্রিপ্টোকারেন্সি টোকেন নিয়ে। টোকেনের নাম এমবাপ্পে হওয়ায় অনেকেই সন্দেহ করেননি। অনেকে ভেবেছেন গতকালই হয়তো এয়ারডপ হয়েছে এবং নিজের টোকেন নিজেই প্রচারে নেমেছেন এই ফুটবলার। এবং মুহূর্তেই দর উঠে যায় সে টোকেনের।

কিন্তু একটু পরই বুঝতে পারা যায় যে এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং টোকেনের দাম একটু পরই শূন্যে নেমে যায়। কিন্তু এর মধ্যেই এক ব্যবহারকারী এরই সুযোগে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন। তিনি দুই সোলানা (ক্রিপ্টোকারেন্সি) মূল্যের এমবাপ্পে টোকেন কিনে এক হাজার ৩৯৮ সোলানায় বিক্রি করেছেন এই সুযোগে। মুহূর্তের মধ্যেই দেড় লাখ ডলারেরও বেশি লাভ করে নিয়েছেন এই সুযোগ সন্ধানী।

শুধু ক্রিপ্টোকারেন্সির বাজারে ঝড় তুলেই ক্ষান্ত হননি হ্যাকার। গত এক যুগের চলা বিতর্ক নিয়েও নাড়াচাড়া করেছেন। এমনিতেই ক্রিস্টিয়ানো রোনালদো-ভক্ত বলে পরিচিত এমবাপ্পে। ফলে তাঁর অ্যাকাউন্ট থেকে যখন মেসির কান্নার ছবি দিয়ে পোস্ট করা হলো, ‘ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়। এই বামন (আমার) সর্বকালের সেরা না।’

এর বাইরে  ম্যানচেস্টার ইউনাইটেড নাকি সিটি কোন দল সেরা এ প্রশ্নের জবাব দিয়েছেন, ‘ম্যানচেস্টারের রং লাল’ বলে। টটেনহামকে বলেছেন ‘ফালতু’।