গতকাল শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের চট্টগ্রামের বাসায় হামলার ঘটনা ঘটেছে। মধ্যরাতে মামুনুলের সতীর্থ সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে এমিলি লিখেছেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।’
মামুনুল ইসলাম নিজেও একটি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আজকের পত্রিকাকে মামুনুল বলেছেন, ‘বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়।’
জানা যায়, মামুনুলের কদমতলীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। আর তিনি বর্তমানে চট্টগ্রামের সদরঘাটের বাসায় আছেন। হামকারীদের পরিচয় সম্পর্কে মামুনুল বলেছেন, ‘কামাল, মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।’