আর্জেন্টিনার হোঁচটের দিনে ঘাম দিয়ে জ্বর ছাড়ল ব্রাজিলের

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজকের আগ পর্যন্ত জয়ের (৩) চেয়ে হারের (৪) সংখ্যা বেশি ছিল ব্রাজিলের। গতমাসে প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ২-১ ব্যবধানে হেরেছিল দরিফাউ জুনিয়রের দল। পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নামছিল নিচের দিকে, তার ওপর আলিসন-ভিনিসিয়ুস-এদের মিলিতাওদের চোট বাড়তি শঙ্কা জাগিয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে।

এমন পরিস্থিতিতে আজ চিলির মাঠে আতিথ্য নিয়েছিল সেলেসাওরা। ম্যাচ শুরু হতে না হতেই গোল খেয়ে বসে ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের মনে শঙ্কা আরও জেঁকে বসে। তবে শুরুতে পিছিয়ে পড়েও দমে যায়নি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ইগর জেসুস।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিল টানা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু কোনোভাবেই গোল আদায় করতে পারছিলেন না রদ্রিগো-রাফিনিয়ারা। একটা সময় মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় ড্র হতে চলেছে। তবে সে ভাবনা বাস্তবে রূপ নিতে দেননি লুইস হেনরিকে। ম্যাচের নির্ধারিত সময়ের ১ মিনিট আগে জয়সূচক গোলটি করেন বদলি নামা এ রাইট উইংগার। ব্রাজিল ম্যাচটা জিতে যায় ২-১ ব্যবধানে।

এ জয়ে পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে ব্রাজিলের। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে দরিফাউ জুনিয়রের দল। ব্রাজিলের এমন দিনে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠে গিয়ে লিওনেল মেসিরা ড্র করেছে ১-১ গোলে

চিলির মাঠে আজ বল দখল কিংবা আক্রমণ- সবখানেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি দরিফাউয়ের শিষ্যদের। নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে সেলেসাওরা। ফেলিপে লয়লার ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রসে দূরের পোস্টে হেড করেন এদুয়ার্দো ভারগাস। চিলি লেফট উইংগারের হেড লাফিয়েও ঠেকাতে পারেননি ব্রাজিল গোলকিপার এদেরসন।

শুরুতে গোল পেয়ে চিলি আবারও আক্রমণে ওঠে ম্যাচের ১৪তম মিনিটে। তবে দারিও ওসিরিওর শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর ৪ মিনিট পর আরেকবার সুযোগ হাতছাড়া করেন ওসিরিও। অন্যদিকে ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও শুরুতে তেমন আক্রমণে ভয় ধরাতে পারছিল না। প্রথমার্ধে মাত্র একটি শট নিয়েছিল ব্রাজিল।

চিলির বক্সের সামনে গিয়ে বারবার তালগোল পাকালেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় সেলেসাওরা। সাভিনিওর ক্রসে হেডে ব্রাজিলকে সমতায় (১-১) ফেরান অভিষিক্ত জেসুস।

বিরতির পর খোলস ছেড়ে বের হয় ব্রাজিল। টানা আক্রমণ চালাতে থাকেন রদ্রিগো-রাফিনিয়ারা। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটেই গোলের দেখাও পেয়েছিল সফরকারীরা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।

ম্যাচের ৭৪ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেসুস। দানিলোর ক্রস অল্পের জন্য নাগাল পাননি ২৩ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড। সে বলটি চিলি গোলকিপার ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে না পারলে সুযোগ আসে রাফিনিয়ার। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি বার্সা উইংগার।

ম্যাচের ভাগ্য যখন ড্র বলে মনে হচ্ছিল, ৮৯তম মিনিটে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন হেনরিকে। ব্রুনো গিমাইরাইসের পাসে বাম পায়ের বাঁকানো শটে চিলির জালে বল জড়ান তিনি। ২৩ বছর বয়সী এ রাইট উইংগারের গোলে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দরিফাউ জুনিয়রের দল।

আগামী বুধবার ঘরের মাঠে পেরুর বিপক্ষে পরের ম্যাচটি খেলবে ব্রাজিল।