টানা বৃষ্টিতে স্তাদিও মাতুরিনের প্রায় পুরোটা জুড়ে জমে ছিল পানি। মাঠ খেলার উপযোগী করতে মাঠ কর্মীদের প্রায় হাঁসফাঁস দশা। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর যখন ভেনেজুয়েলা-আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়াল, তখনও পানি ছিল পুরো মাঠেই। এমন দশা যে, শট নিলে বলের সঙ্গেও পানিও উড়ছিল। আবার শট নেওয়া গেলেও মাঠে পড়ে থমকে যাচ্ছিল বল। পাস দিতে বেগ পেতে হয়েছে দুদলের ফুটবলারকেই। ছিল খেলোয়াড়দের চোট শঙ্কাও। বাধ্য হয়ে পাসিং ফুটবল বাদ দিয়ে শট থেকে সুযোগ তৈরি করার চেষ্টা চালিয়েছে দুদলই।
এমন অবস্থায় নিকোলাস ওতামেন্দির প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে লিড ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধে সলোমন রন্দনের গোলে ম্যাচে সমতা ফেরায় ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মাতুরিনের জবজবে ভেজা মাঠ। এ মাঠে যে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি, সেটা ম্যাচ শেষে উঠে এসেছে মেসির কথায়। আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, ‘কুৎসিত’ খেলা হয়েছে মাতুরিনে। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ম্যাচটা আজকে তারা খেলতে চাননি।
ফিফার নিয়ম বলছে, মাঠ ভেজা থাকলে কন্ডিশনের ওপর ভিত্তি করে খেলা হবে কিনা, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু রেফারির। পানি জমে থাকা মাঠের ক্ষেত্রে চারটি শর্ত আছে ফিফার। বল গড়ানো, খেলোয়াড়দের নিরাপত্তা, বল ঠিকঠাক দেখা যায় কিনা ও খেলার মান। সহজ হিসেবে বলতে গেলে, এসব ঠিক থাকলেই খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন রেফারি।
আজ মাতুরিনের ভেজা জবজবে মাঠ থেকে ম্যাচটা একদিন পেছানোর আবেদন করেছিল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার সে আবেদন প্রত্যাখ্যান করে, নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরেই খেলা শুরু হয়। এরপর মাঠে যা হয়েছে, তা সবারই জানা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্তসকে মেসি বলেছেন, ‘(এমন মাঠে খেলা) খুব কঠিন ছিল। এটা ম্যাচটাকে খুব কুৎসিত করেছে।’ মাঠের অবস্থা কতটা বেহাল ছিল, সেটা বোঝাতে মেসি বলেছেন, ‘আমরা ঠিকঠাক টানা দুটো পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’
মেসি যোগ করেন, ‘আমরা ড্র করেছি, কারণ আমরা যা করতে চেয়েছিলাম, মাঠের কারণে সম্ভব হয়নি। যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, এর বাইরে অন্যভাবে খেলতে হয়েছে আমাদের।’ মাঠে ফুটবলারদের চোট শঙ্কা ছিল। তাই খেলার ধরন পরিবর্তন করতে বাধ্য হয় আর্জেন্টিনা। সেটি নিয়ে মেসি বলেছেন, ‘আমরা পেছনে খুব বেশি পাস খেলার ঝুঁকি নিইনি। প্রথমার্ধে পেছনে কিছু পাস খেলেছি, কিন্তু পানিতে আটকে গেছে। পানির মধ্যে যেভাবে খেলা সম্ভব, আমরা সেভাবেই খেলেছি।’
আর্জেন্টাইন মিডফিল্ডারের রদ্রিগো দে পলের মতে, আর্জেন্টিনা আজ খেলতেই পারেনি। দে পল বলেছেন, ‘এমন পরিস্থিতি ছিল, আমরা ফুটবলটাই খেলতে পারিনি। আমাদের খেলার জন্য দরকার ভালো মাঠ, ভালো আবহাওয়া। সেই সঙ্গে বল যেন ঠিকঠাক গড়ায়।’
মাঠের কন্ডিশন নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন স্কালোনিও। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আজকে মাঠটি খেলার উপযোগী হওয়ার ন্যূনতম শর্তও পূরণ করেনি। এ অবস্থায় খেলা সম্ভব না। আমাদের পক্ষে যা করা সম্ভব ছিল, আমরা সেটাই করেছি। এটা স্পষ্ট যে, মাঠ খেলার উপযোগী ছিল না। যখন মাঠ খেলার উপযোগী নয়, তখন খেলা হওয়া উচিত নয়। আজকের কন্ডিশন মোটেও খেলার উপযোগী ছিল না।’
স্কালোনি যোগ করেন, ‘মাঠটি এ স্তরে দুটি দলের মধ্যে খেলার জন্য উপযুক্ত ছিল না, কারণ এটি আগামীকাল খেলা হতে পারতো। কিন্তু তারা (রেফারি) খেলা চালিয়ে গেছে।’