বাফুফের নতুন সভাপতি নির্বাচনে শুধু ৫ জনের ভোট পেলেন না তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হচ্ছেন তাবিথ আউয়াল, এমন গুঞ্জন ফুটবল পাড়ায় অনেক দিন ধরেই। আজ নির্বাচন শেষে সেটিই সত্যি হল। বাফুফের নির্বাচনে আজ ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।

নির্বাচনে তাবিথের প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। 

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। নির্বাচনে না দাঁড়ানোয় আগেই নিশ্চিত হয়েছে বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগের অবসান ঘটছে।
 
এর আগে ২০১২ ও ২০১৬ সালে তাবিথ আউয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে ৪ ভোটে হারেন তাবিথ।

নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।