চীনের সাবেক তারকা ফুটবলারের দুর্নীতি

৬ বছরে ঘুষ নিয়েছিলেন ১৯১ কোটি টাকা, পেলেন ২০ বছরের জেলের সাজা

নিজের ফুটবল ক্যারিয়ারে ছিলেন দেশের অন্যতম সেরাদের একজন, খেলেছিলেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো প্রিমিয়ার লিগের দলে। নিজ দেশ চীনের হেড কোচের দায়িত্বও পালন করেছেন। নামের পাশে এত অর্জনের মাঝে আজ নেতিবাচক খবরের শিরোনাম চীনের সাবেক ফুটবলার লি টাই। ঘুষ নেওয়ার অপরাধে ২০ বছরের কারাদণ্ড হয়েছে চাইনিজ এই তারকার।

ম্যাচ ফিক্সিং, ঘুষ নেওয়া ও কোচের চাকরি পেতে ঘুষ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল আগেই, চলতি বছরের মার্চে লি টাই নিজেও অপরাধ স্বীকার করেছেন। চাইনিজ এই ফুটবলারের শাস্তির ব্যাপারে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লি টাই ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নিয়েছেন- যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ১২ লাখ টাকা।    

৪৭ বছর বয়সী লি ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চীন জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। ১ কোটি ৬০ লাখের বেশি ডলার ঘুষ নেওয়ার জন্য গত মার্চে দোষী সাব্যস্ত হন এই তারকা।

বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, আদালত বলেছেন, লি টাইয়ের এসব ঘুষ নেওয়া ও ফিক্সিং কাণ্ড ঘটেছে ২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত। ২০১৫ সালের অগাস্ট থেকে এক বছর চায়না ফরচুন ক্লাবে সহকারী কোচ ছিলেন লি। আদালত আরও জানিয়েছেন, ঘুষের বিনিময়ে লি নির্দিষ্ট কয়েকজনকে জাতীয় দলে সুযোগ দিতেন। 

আদালতে লি টাই। ছবি: এক্স

চলতি বছর চীনের সরকারি টেলিভিশন সিসিটিভিতে দুর্নীতির একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। যেখানে লি নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছিলেন। লি সেই তথ্যচিত্রে বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল মাঠেই মনোযোগ দেওয়া ও সঠিক পথ অনুসরণ করা। কিছু বিষয় সেই সময়ে ফুটবলে বেশ প্রচলিত ছিল।’

লি চীনের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। ২০০২ বিশ্বকাপেও খেলেছেন তিনি। বিশ্বকাপে চীন ওই একবারই খেলেছে।

চীনের ফুটবলে দুর্নীতি রোধে খড়্গহস্ত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। লি টাইয়ের পাশাপাশি এই সপ্তাহে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকেও ঘুষের দায়ে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও এক ডজনের বেশি কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।