অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
অনেক দিন ধরেই ফিফার নিয়মকানুন মেনে বিভিন্ন প্রক্রিয়ার কাজ করে যাচ্ছিলেন হামজা চৌধুরী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা থেকে ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন হামজা নিজেই।
বাফুফের পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি, দ্রুতই দেখা হবে।’
২৬ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন, ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপও। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি।
ফিফার অনুমতি পেয়ে যাওয়ায় বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে হামজার অভিষেক হলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
ধারণা করা হচ্ছে আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হতে পারে ।