সবাইকে উড়িয়ে দিয়ে তারা আটকে গেল ফকিরেরপুলে

কী অসাধারণ এক জয়যাত্রা চলছিল মোহামেডানের! সেই যে প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে গুঁড়িয়ে এবারের প্রিমিয়ার লিগে পথচলা শুরু করেছিল আলফাজ আহমেদের অধীন দলটি, এরপর আর যেন থামাথামির নাম ছিল না তাদের। দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসকে হারায়, তার পরের ম্যাচেই ঢাকা আবাহনীকে। হাতি-ঘোড়াই যখন গেল তল, বাকিরা আর কী লড়বে! একে একে বাংলাদেশ পুলিশ, ফর্টিস, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স – সবাইকে হারায় মোহামেডান।

আট ম্যাচে আট জয় নিয়ে আজ কুমিল্লায় ফকিরেরপুলের বিপক্ষে নেমেছিল মোহামেডান। কোন ফকিরেরপুল? আজকের ম্যাচের আগে যারা ছিল ১০ দলের লিগের পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে তৃতীয়! কিন্তু আগের আট ম্যাচে সবাইকে উড়িয়ে দেওয়া মোহামেডান আজ সেই ফকিরেরপুলের সামনেই আটকে গেল। ৬৬ মিনিটে সারদর জাখোনভের গোল শেষ পর্যন্ত মোহামেডানকে দিয়ে গেল মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ!

কুমিল্লায় মোহামেডানই দাপট দেখিয়েছে ম্যাচজুড়ে। গোলমুখে বেশ কয়েকটি শট নিয়েছিলেন দিয়াবাতেরা। তবে সুযোগগুলো যে একেবারে ভয়ংকর কিছু ছিল, তেমন নয়। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের দিকে বদলি নামা জাখোনভের গোলই মোহামেডানের হৃদয় ভাঙল।

গোলটাও কী দারুণ! জয়রথ থামানোর মতোই এক গোল! মোহামেডান বক্সের বাইরে সতীর্থের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের বাইরে ডান দিক থেকেই ডান পায়ে জোরাল শট নেন জাখোনভ। গোলার মতো সে শট বাঁ দিকের পোস্টে যখন জড়িয়ে গেল, ঝাঁপিয়ে পড়া মোহামেডান গোলকিপারের আর কিছুই করার ছিল না।

এই এক হারেই মোহামেডান কিছুটা দুশ্চিন্তায় পড়ে যেতে পারে। তাদের মতো সব ম্যাচে না জিতলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও যে এবার পিছু পিছুই ছুটেছে। আজ মোহামেডান হারের পর আবিষ্কার করছে, পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা আবাহনী কাল নিজেদের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিলে মোহামেডানের সঙ্গে তাদের ব্যবধান নেমে আসবে মাত্র ২ পয়েন্টে। ৯ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ২৪।

আজ লিগের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ৫-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। বাংলাদেশ পুলিশ ২-১ গোলে জিতেছে রহমতগঞ্জের বিপক্ষে। বসুন্ধরা ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে, পুলিশ (৯ ম্যাচে ১০ পয়েন্ট) এ জয়ে উঠে এসেছে ছয় নম্বরে।