আর্জেন্টিনার টানে নেইমার আর ব্রাজিলকে বলে দিলেন ‘না’

সৌদি আরব অধ্যায় শেষ হয়ে গেছে নেইমারের। আল হিলাল গতকাল আনুষ্ঠানিকভাবেই ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেছে। সেজন্য অবশ্য আল হিলালে বাকি থাকা সময়ের জন্য যে বেতন পেতেন, তার কিছু অংশ ছাড় দিয়েছেন নেইমার। কদিনের মধ্যেই ব্রাজিলে তাঁর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কথা।

এর মধ্যে আর্জেন্টিনার এক মিডফিল্ডারেরও নেইমারের সঙ্গে সান্তোসে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে উঠতে না উঠতে মিলিয়েও গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্ত জানাচ্ছে, নেইমারের মাধ্যমেই পিএসজিতে নেইমারের সাবেক সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে সান্তোসে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইতালিয়ান ক্লাব রোমা ছাড়ার খুব কাছে থাকলেও পারেদেস সে প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন। কারণ? তিনি অপেক্ষায় আছেন আর্জেন্টিনায় তাঁর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সের।

বোকা জুনিয়র্সের জন্য এবারের জানুয়ারির দলবদলটা ফলপ্রসুই বলতে হবে। কার্লোস পালাসিওস, আন্দের এরেরা, রদ্রিগো বাত্তাগলিয়া, আলান ভেলাসকোর মতো খেলোয়াড়দের দলে টেনেছে তারা। পারেদেসের ইউরোপ ছেড়ে আবার আর্জেন্টিনায় – আরও নির্দিষ্ট করে বললে বোকায় ফেরার গুঞ্জন তো অনেক পুরোনো। পারেদেস নিজেই সব সময় কোনো একদিন আর্জেন্টিনায়, বোকায় ফেরার কথা বলেন। এই মৌসুমের শুরুতে ইতালিতে নিজের ক্লাব রোমায় মৌসুমের শুরুতে পারেদেস সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না, পাশাপাশি তাঁর বয়স হয়ে গেছে ৩০ – সব মিলিয়েই এবার জানুয়ারিতে পারেদেসের বোকায় যাওয়ার আলোচনা জোর পেয়েছে।

তবে গত নভেম্বরে ইভান ইউরিচকে সরিয়ে রোমা ক্লদিও রানিয়েরিকে কোচ করার পর থেকে পারেদেস নিয়মিত একাদশে খেলছেন। তে ই সে স্পোর্ত লিখেছে, মৌসুমের শেষ পর্যন্ত তাই অপেক্ষা করতে চায় না বোকা। নিয়মিত খেলার সুযোগ পেতে পেতে যদি পারেদেসের আরও এক-দুই মৌসুম রোমায় থেকে তারপর বোকায় ফেরার পরিকল্পনা করে ফেলেন! ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও তো বলেই দিয়েছেন, পারেদেস রোমায়ই থাকছেন। বোকায় যাওয়ার খুব কাছাকাছি চলে গেলেও আপাতত সব আলোচনা বন্ধ আছে।  

তা রোমা আর বোকা নিয়ে একদিকে সংশয়, অন্যদিকে জানুয়ারির দলবদলেও আর মাত্র চার দিন বাকি, এর মধ্যে সান্তোসও প্রস্তাব দিয়েছিল পারেদেসকে। তে ই সে স্পোর্ত জানাচ্ছে, এবারই ব্রাজিলের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে ওঠা সান্তোস ১০ নম্বর জার্সিটা তো নেইমারকে দিয়েই আবার ফেরাচ্ছে। নেইমারের পাশে ভালো কয়েকজন খেলোয়াড় রেখে দলটাকে আরও গুছিয়ে নেওয়ার ইচ্ছা থেকেই তাদের নজর পড়েছিল পারেদেসের ওপর।

আর্জেন্টিনার খেলোয়াড়দের খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সাংবাদিক গাস্তন এদুল – যিনি তে ই সে স্পোর্তেই কাজ করেন, তিনি জানিয়েছেন, নেইমারের মাধ্যমেই পারেদেসকে প্রস্তাব করেছিল সান্তোস। পিএসজিতে থাকার সময়ে পারেদেসের সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে যায় নেইমারের। কিন্তু বন্ধুর প্রস্তাবও ফিরিয়ে দেন পারেদেস। কারণ, তিনি হয় রোমা, নইলে বোকার অপেক্ষায়।

অবশ্য পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে জানুয়ারির দলবদল বা এই দলবদলেই নিয়মের ফাঁক গলে আরও এক মাস বাড়তি সময় পেলে বোকা পারেদেসকে টেনে আনতে পারে দলে। আগামী পরশু ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রোমার, সে জন্য এখনই পারেদেসের সঙ্গে ব্যক্তিগত চুক্তির আলোচনা অতটা জোরেশোরে এগোচ্ছে না। তবে দি মারজিওর কথার বিপরীতেই আবার গুঞ্জন ছড়িয়েছে, গতকাল পারেদেসের জন্য রোমাকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে ফেলেছে বোকা।

দলবদলের বাজারে দিন আর মাত্র চারটি বাকি বলে বোকা সমর্থকেরা হয়তো কিছুটা সংশয়ে থাকতে পারেন দলবদলটি হবে কি না তা নিয়ে। তবে এর মধ্যে আর্জেন্টিনার দলবদলের বাজারের একটা নিয়মের ফাঁক সামনে এনেছে তে ই সে স্পোর্ত, যে নিয়মের সুবিধা পেতে পারে বোকা। আর্জেন্টাইন ক্লাবটির মিডফিল্ডার মরিসিও বেনিতেস বেলজিয়ামের ক্লাব রয়াল আন্তওয়ের্পে যোগ দেওয়ার কথা। সেই দলবদলটি কোনোভাবে ৩১ জানুয়ারি রাত ১২টার পর করতে পারলেই হলো, বোকা আরও এক মাস সময় পেয়ে যাবে বেনিতেসের বদলে নতুন খেলোয়াড় দলে টানার জন্য। সেই নতুন খেলোয়াড় হিসেবে বোকার চোখ কার দিকে, সে তো জানাই – পারেদেস।