এমন নয় যে তাঁকে ছাড়া আর্জেন্টিনার চলেই না! গত নভেম্বরে পেরু আর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুই রাউন্ডের আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেলেও পরে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এর আগে জুলাইয়ে কোপা আমেরিকা শেষ হওয়ার পর থেকে নভেম্বর পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে যে চারটি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, তার প্রথম দুটিতে শুরুর একাদশে থাকলেও পরের দুই ম্যাচ মিলিয়ে লিসান্দ্রো মার্তিনেস খেলতে পেরেছিলেন মাত্র ১৭ মিনিট।
তবু লিসান্দ্রো মার্তিনেস যেহেতু বাঁ পায়ের ডিফেন্ডার, তারওপর সেন্টারব্যাক-লেফটব্যাক-ডিফেন্সিভ মিডফিল্ডার তিন জায়গায়ই খেলানো যায় তাঁকে – তাই যেকোনো কোচের জন্যই স্কোয়াডে দারুণ এক অপশন হয়ে ওঠেন তিনি। কিন্তু মার্চে ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে আর্জেন্টিনা আজ দুঃসংবাদ পেল মার্তিনেসকে ঘিরেই। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ২৭ বছর বয়সী ডিফেন্ডার ক্রুশিয়েট লিগামেন্টের চোটে পড়েছেন।
ফুটবলারদের জন্য বড় আতঙ্কের নাম এই এসিএল চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ থেকে ৮ মাসও লেগে যায়। ম্যান ইউনাইটেড আজ বিবৃতিতে মার্তিনেসের চোটের কথা নিশ্চিত করেছে। তাঁর সেরে উঠতে কতদিন লাগবে তা ইউনাইটেড জানায়নি, তবে এটা ধরে নেওয়াই যায় যে, সব ঠিকঠাকভাবে এগোলেও মার্তিনেসের এই মৌসুমে তো ফেরা হচ্ছেই না, আগামী মৌসুমেও শুরুর দিকে তাঁকে হয়তো পাবে না ইউনাইটেড।
গত রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যান ইউনাইটেডের ২-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে চোটে পড়েন মার্তিনেস। পরীক্ষা-নিরীক্ষার পর আজ বিবৃতি দিয়ে ইউনাইটেড জানিয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত হতে পেরেছে যে রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে লিসান্দ্রো মার্তিনেসের ক্রুশিয়েট লিগামেন্ট চোটগ্রস্ত হয়েছে। তাঁর যথাযথ চিকিৎসাপদ্ধতি কী হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার কোন ধাপে কত সময় লাগতে পারে সেটা নির্ধারণে তাঁর চোটের আরও বিশ্লেষণ চলছে।’
ম্যান ইউনাইটেডের দুশ্চিন্তাটাই আটলান্টিক পাড়ি দিয়ে আর্জেন্টিনায়ও হানা দিচ্ছে। এমনিতেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করার পর থেকে আর্জেন্টিনা ঠিক দুর্দমনীয় ছন্দে নেই। কোপা আমেরিকার পর ৬ ম্যাচের দুটিতে হেরেছে, একটি হয়েছে ড্র – ওই ৩ ম্যাচে গোলও খেয়েছে ৫টি। রক্ষণ নিয়ে দুশ্চিন্তা তো আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির হওয়ারই কথা। মার্তিনেসের চোট তাঁর কপালে ভাঁজ আরও বাড়াবে, নিশ্চিত।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অবশ্য আর্জেন্টিনা পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের, দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১২ ম্যাচে ২০। ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে।
বাংলাদেশ সময় আগামী ২২ মার্চ ভোরে উরুগুয়ের মাটিতে ম্যাচ আর্জেন্টিনার, এর চার দিন পর – ২৬ মার্চ সকালে নিজেদের মাঠে আর্জেন্টিনা নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।