লা লিগায় রেয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন রেফারির সিদ্ধান্ত নিয়ে একের পর এক বিতর্ক। কদিন আগেই ওসাসুনার বিপক্ষে জুড বেলিংহাম লাল কার্ড দেখেছিলেন। মূলত রেফারিকে গালমন্দ করার অভিযোগ ছিল এই ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে। এরপর দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হন বেলিংহাম। তবে এরপর রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানায় স্প্যানিশ ক্লাবটি।
শুধু এই ঘটনা নয়, এর আগেও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ফেব্রুয়ারি মাসের শুরুতে রেয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠিও পাঠিয়েছিল। তাদের ক্লাবের অফিশিয়াল টিভি চ্যানেলে নিয়মিত ভিডিওতে রেফারির প্রতি বিষোদগার তো আছেই! কিন্তু এসব কিছুর এবার দাঁতভাঙা জবাব দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
লা লিগার প্রধানের চোখে, মাদ্রিদ ‘ছিঁচকাঁদুনে’, কান্নাকাটি করে শুধু ষড়যন্ত্রের গল্প ফাঁদছে।
স্বঘোষিত রেয়াল মাদ্রিদ ভক্ত তেবাস আজ সোমবার ইউরোপা প্রেসকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের একজন ভক্ত হিসেবে যা যা দেখছি, তাতে আমার লজ্জা লাগতে শুরু করেছে। কেঁদে কেঁদে ওরা এমন একটি গল্প তৈরি করছে যা সত্য নয়। ওদের কথা শুনে মনে হয়, পুরো দুনিয়া ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সবাই-ই মাদ্রিদের বিরুদ্ধে।’
রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে কোনো ধরনের যড়যন্ত্র হচ্ছে না জানিয়ে নেই তেবাস বলেছেন, ‘ওরা রেয়াল মাদ্রিদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এমন একটা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করাতে চায়, যেটার কোনো ভিত্তিই নেই। ব্যাপারটা এমন যে, ওরা ম্যাচ জিতলে, তার মানে ওর সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে জিতেছে। আর হেরে গেলে রেফারির ষড়যন্ত্রের কারণে হেরেছে। পুরো ব্যাপারটা অন্য সব ক্লাবের জন্য অপমানজনক!’
স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে এ মাসের শুরুতে একটি চিঠি পাঠিয়েছিল রেয়াল। এই অভিযোগের ব্যাপারে তেবাস বলেছেন, ‘আমাদের লিগটাকে এবং এর ক্লাবগুলোর ভালোর দিকটি দেখতে হবে। এসবের (মাদ্রিদের এসব অভিযোগের) কারণে লিগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’