শেফিল্ড ইউনাইটেডের হয়ে গতকাল ম্যাচ খেলেই বাংলাদেশের উদ্দেশে উড়োজাহাজে চড়েন হামজা চৌধুরী। আজ দুপুরে সিলেটে সপরিবার পা রাখার পর ইংলিশ লিগ মাতানো এই তারকাকে বরণ করে নেন বাফুফে কর্মকর্তা ও ফুটবলপ্রেমীরা। আগামী ১৯ মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশে বাংলাদেশ দল রওনা দেওয়ার কথা রয়েছে। ভারতের বিপক্ষে ২৫ মার্চের সেই ম্যাচের আগে হামজা চৌধুরীর খেলার পজিশন-জার্সি নম্বর নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
এখনও বাংলাদেশ ক্যাম্পে যোগ না দিলেও হামজা হবিগঞ্জে এসেই ভক্তদের ভালোবাসায় শিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্নের উত্তরও দিয়েছেন। নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামজা বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলতে চান সেই প্রসঙ্গ উঠে আসে। এমন প্রশ্নের জবাবে হামজা এক লাইনে বলেন, ‘৮ নম্বর।’
বাংলাদেশের ভক্তদের এমন ভালোবাসা মাঠের ফুটবলে বাড়তি চাপ হয়ে দাঁড়াবে কি না সেই প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘মোটেও চাপ লাগছে না। জনগণ আসছে ভালোবাসা প্রদর্শন করছে। এটা চাপ নয়, ভালো খেলার অনুপ্রেরণা।’
শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজা কোন পজিশনে খেলবেন তা এখন আলোচনার বিষয়। গণমাধ্যমে নিজের পছন্দের খেলার পজিশন জানাতে গিয়ে হামজা স্পষ্ট জানিয়েছেন, ‘মিডফিল্ড পছন্দ করি।’
হামজাকে আজ দেখতে বিমানবন্দর থেকে তাঁর গ্রামের বাড়ি পর্যন্ত মানুষের ঢল নেমেছিল। দেশের মানুষের আতিথেয়তা ও এত ভক্তের উপস্থিতিতে আপ্লুত হামজা বলেন, ‘এত ভালোবাসা, আমি আসলে ব্যাখ্যা করতে পারব না। স্ত্রীও পছন্দ করছে সবার এত ভালোবাসা।’