সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা– ফাহামেদুল প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ উপলক্ষ্যে এমনিতেই এখন সমর্থকদের বুঁদ হয়ে থাকার কথা ছিল ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকা হামজা চৌধুরীরর প্রথমবারের মতো জাতীয় দলে খেলতে আসা সে আগ্রহকে উন্মাদনায় রূপ দিয়েছে। এটুকু পর্যন্ত সব ঠিকই ছিল।

কিন্তু হামজার মতো আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামের বাদ পড়া সমর্থকদের ক্ষোভের জন্ম দিয়েছে। ইতালির চতুর্থ বিভাগ সেরি ডি-র দল অলবিয়া কালচোতে খেলা ফাহামেদুলকে সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, কিন্তু সেখানে এক সপ্তাহ অনুশীলনের পর ফাহামেদুলকে আর চূড়ান্ত দলে রাখেননি কাবরেরা। সৌদি আরব থেকেই ইতালি চলে গেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ফাহামেদুল।

এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলবেন বলে গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ফাহামেদুল প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

জাতীয় দলে হামজার যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বসিত উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’ আর হামজা জানান, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা বাফুফে সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

ফাহামেদুলকে দলে না রাখার সিদ্ধান্তের ব্যাপারে বাফুফে সভাপতি আরও বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোনো সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ আছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলব, হতাশ হওয়ার কিছু নেই।’

আলোচনায় সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’