ফাহামেদুল ইস্যুতে জামাল, ‘কোচের কথাকেই তো সম্মান করবেন, না?’

বাংলাদেশের ফুটবল গতকাল থেকেই উত্তপ্ত। ফাহামেদুল ইসলামের দলে জায়গা না পাওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ এখনও থামেনি। ফাহামেদুলকে দলে জায়গা না দেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ফাহামেদুল ভালো খেলোয়াড় কিন্তু তিনি এখনও প্রস্তুত নন। কোচের এমন মন্তব্যের পক্ষে আজ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও কথা বলেছেন।
 
বাংলাদেশ জাতীয় দলের টিম হোটেলের কাছেই শাহবাগে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভক্তরা। এমন পরিস্থিতিতে জাতীয় ফুটবল দলের ভারত সফর আগে টিম হোটেলেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে ফের উঠে আসে ফাহামেদুল ইস্যু। 

সংবাদ সম্মেলনের শুরুর দিকে কোচ কাবরেরার কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়। আগের মতোই কোচ আরেকবার জানিয়ে দিয়েছেন, ফাহমেদুল এখনো প্রস্তুত নন। তবে তিনি ফাহমেদুলকে খুঁজে বের করেছেন, কয়েক মাস ধরে দেখেছেন, এরপর দলের সঙ্গে এক সপ্তাহের অনুশীলনে ফাহমেদুলকে দেখার পর তাঁর সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে কাবরেরা বলেছেন, ফাহমেদুল প্রতিভাবান এবং জাতীয় দলের অংশ। জাতীয় দলে আগামী দিনে জায়গা করে নেওয়ার মান ফাহামেদুলের আছে বলেও জানিয়েছেন।  

এরপর অধিনায়ক জামাল ভূঁইয়াকে প্রশ্ন করা হলো ফাহামেদুলের বাদ পড়া নিয়ে। ফাহামেদুলকে এভাবে বাদ পড়তে দেখে অন্য প্রবাসী ফুটবলারদের মনে বিরূপ ভাবনা আসতে পারে কি না, প্রশ্নটা ছিল এ নিয়ে। জামাল নিজেও জাতীয় দলে থিতু হওয়ার আগে ট্রায়ালে বেগ পেয়েছেন, সেটাও মনে করিয়ে দেওয়া হয়। সব কিছু শুনে উত্তরে বাংলাদেশ অধিনায়ক কোচের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন, ‘না, যেটা আমি বলতে চাই, প্রত্যেকেই তো ভিন্ন, না? একজন খেলোয়াড় ভালো করতে পারে, একজন খেলোয়াড় খারাপও করতে পারে। যেটা কোচ বলেই দিয়েছেন যে, উনি (ফাহামেদুল) আসলেই অনুশীলনে ভালো করেছে। কিন্তু কোচ যেটা বলছেন, সে এখনো প্রস্তুত নয় (এখনই দলে খেলার জন্য)। সেটাকে তো সম্মান করবেন, না?’ 

ভবিষ্যতে প্রবাসী ফুটবলারদের সম্ভাবনা নিয়েও একই কথা জামালের, ‘পরের কোনো খেলোয়াড়, হয়তো সে আরও ভালো করবে, হয়তো এক-দুই সেশন অনুশীলনের পরই দলে জায়গা করে নেবে। যেটা বললাম, ব্যাপারটা ব্যক্তিভেদে ভিন্ন।’