২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দিকের লড়াই চলছে। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল-কলম্বিয়া। এর এক দিন পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ের।
ব্রাজিল-আর্জেন্টিনা এখনও ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে না পারলেও বিশ্বজুড়ে চলতে থাকা বাছাইপর্ব থেকে সবার আগে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জাপান। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে আজ বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান।
বাহরাইনকে হারানোর মাধ্যমে তৃতীয় রাউন্ডে ৭ ম্যাচ পরও অপরাজিত থাকা জাপান ৬ জয় ও ১ ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে এশিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে সবার শীর্ষে আছে। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭ ম্যাচে ১০। এই রাউন্ডে প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল সরাসরি বিশ্বকাপে চলে যাবে, প্রতি গ্রুপের তিন ও চারে থাকা দলগুলো খেলবে চতুর্থ রাউন্ডে। তৃতীয় রাউন্ডে এই মুহূর্তে গ্রুপ ‘সি’র বাকি সব দলেরই পয়েন্ট ৬ (চীন ও সৌদি আরব খেলেছে ৬টি করে ম্যাচ, ইন্দোনেশিয়া ও বাহরাইন ৭টি করে), অর্থাৎ, বাকি তিন ম্যাচে জিতলেও এই চার দলের কোনোটির পক্ষে জাপানকে টপকে যাওয়া সম্ভব নয়।
আজ জাপানের সাইতামা স্টেডিয়ামে বাহরাইনকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা দাইচি কামাদা জাপানের হয়ে প্রথম গোল করেন। ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রেয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো।
২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে ৮টি দল। আরেকটি দল পাবে মহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ।