আর্জেন্টিনা কোচ বললেন, মেসিকে একটু শান্তিতে থাকতে দিন

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর এক বছরের মতো সময় আছে। গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায়, আর্জেন্টিনার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন অনেকের মনেই প্রশ্নটা আবার জেগেছে - লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন?

যদিও মেসিকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে দাপট দেখিয়ে আর্জেন্টিনার ৪-১ গোলে জয় দেখে অনেকে ধারণা করছেন, মেসি ছাড়াই জিততে শিখে গেছে আর্জেন্টিনা। তবুও তর্কসাপেক্ষে সময়ের – অনেকের চোখে ইতিহাসেরও - সেরা ফুটবলার সামনের বিশ্বকাপে থাকবেন কি না সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই এসেছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর এ নিয়ে প্রশ্নে অবশ্য কিছুটা যেন বিরক্তই হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, ‘আমাদের সামনে অনেক সময় আছে, দেখি সামনে কী হয়। আমরা একটা করে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। না হলে পুরো বছরই একই বিষয় নিয়ে কথা বলতে হবে। আর আমাদের ওকে একটু শান্তিতে থাকতে দেওয়া উচিত। ও কী চায় সেটা ও নিজেই জানাবে। আমরা এসব নিয়ে ওকে চাপ না দেই।’

চোটের কারণে মেসি তাঁর ক্লাব ইন্টার মায়ামিতেও অনেক ম্যাচ খেলছেন না। তবে জাতীয় দলে মেসি দ্রুত ফিরবেন বলে আশাবাদী আর্জেন্টাইন স্ট্রাইকার্স হুলিয়ান আলভারেস। সেই সঙ্গে আতলেতিকো মাদ্রিদের হয়ে এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘(ব্রাজিলের বিপক্ষে) মেসি খেললে আমরা হয়তো আরও দুই বা তিনটি গোল বেশি পেতাম।’