ব্রাজিল সমর্থকেরা আবার আশায় বুক বাঁধতে পারেন।
মে মাসের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন, এ ব্যাপারে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে বৈঠক হবে কদিনের মধ্যেই – রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরে এমন একটা খবর গত সপ্তাহেই দিয়েছিল ক্রীড়াবিষয়ক বিখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। আজ সেই অ্যাথলেটিকেই রেয়াল মাদ্রিদ বিষয়ক খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সাংবাদিক মারিও কোর্তেহানা ও ইংলিশ সাংবাদিক অ্যাডাম ক্র্যাফটনের যৌথ প্রতিবেদনের খবর, সে বৈঠক হয়ে গেছে, এবং আনচেলত্তির মাদ্রিদ ছাড়ার ব্যাপারে সমঝোতা হয়ে গেছে।
মৌসুম শেষে তো বটেই, এমনকি আগামী রোববার লিগে বার্সেলোনার মাঠে এল ক্লাসিকোর ফল পক্ষে না গেলে সেদিনই আনচেলত্তির মাদ্রিদ ছাড়ার খবর আসতে পারে বলে জানাচ্ছে দ্য অ্যাথলেটিক।
তাতে ব্রাজিল সমর্থকদের খুশি হওয়ার কী আছে? আনচেলত্তিকে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের কোচ হিসেবে পাওয়া তো ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজের একটা স্বপ্ন। সে পথে ব্রাজিল অনেক দূর এগিয়েও গিয়েছিল। কদিন আগেই খবর এসেছিল, আনচেলত্তি ও ব্রাজিলের মৌখিক সমঝোতা হয়ে গেছে। কিন্তু এরপর রেয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি বাতিলের প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ব্রাজিলকে ‘না’ বলে দেন আনচেলত্তি – এমন একটা খবর এসেছিল গত সপ্তাহেই। তবে তখনো ব্রাজিলের আশা ছিল, মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বিদায়ের প্রক্রিয়া নিয়ে সমঝোতা হয়ে গেলে ব্রাজিলে আনচেলত্তির যাওয়ার রাস্তা আরও পরিষ্কার হবে। দ্য অ্যাথলেটিকের খবর আজ বোঝাচ্ছে, রাস্তাটা পরিষ্কার হয়ে আসছে।
মাদ্রিদ যে এই মৌসুমের পর আনচেলত্তিকে আর কোচ রাখছে না, সেটা তো গত মাসে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই মাদ্রিদের বিদায়ের পর থেকে ‘ওপেন সিক্রেট।’ এরপর স্প্যানিশ কোপা দেল রে-র ফাইনালে বার্সেলোনার কাছে হার সেটিকে চূড়ান্ত রূপ দিয়েছে। বার্সেলোনার হাতে ওঠার অপেক্ষার থাকা লিগ শিরোপার পথেও মাদ্রিদের আর কোনো আশা আছে কি না, সেটা নির্ভর করছে আগামী রোববার বার্সার বিপক্ষে ম্যাচের ওপর।
মাদ্রিদ আর আনচেলত্তিকে রাখছে না জেনেই ব্রাজিল এগিয়েছিল তাঁর দিকে। কিন্তু সেখানে কথাবার্তা থেমে গেল কেন? মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির আজ যে বোঝাপড়া হলো, সেটি তখন পর্যন্ত না হওয়ার কারণেই। বোঝাপড়াটা মূলত মাদ্রিদে ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচের চুক্তির বাকি অংশের বেতন নিয়ে। প্রসঙ্গত, মাদ্রিদে আনচেলত্তির চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।
সাধারণ প্রক্রিয়া অনুযায়ী, মাদ্রিদ চুক্তি বাতিল করলে সে ক্ষেত্রে আনচেলত্তি নতুন চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত চুক্তির বাকি সময়ের টাকা ‘ক্ষতিপূরণ’ হিসেবে পরিশোধ করবে মাদ্রিদই। ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত মাদ্রিদে আনচেলত্তির প্রথম দফায়ও এমনই হয়েছে। সে সময়ে মাদ্রিদে আনচেলত্তির চুক্তি ছিল ২০১৬ পর্যন্ত, তার আগেই আনচেলত্তিকে ছাঁটাই করায় তাঁকে ক্ষতিপূরণ দিয়েছে মাদ্রিদ।
এবার তাঁর ব্রাজিলে যাওয়ার খবরের কারণে অনুমান করা হচ্ছিল, ব্রাজিলের সঙ্গে চুক্তিতে সই করার আগে আনচেলত্তি মাদ্রিদের সঙ্গে সমঝোতা সেরে নেবেন। সে ক্ষেত্রে চুক্তির বাকি বছরের পুরোটার টাকা না দিয়ে মাদ্রিদ পুরো অর্থের একটা নির্দিষ্ট অংশ ক্ষতিপূরণ হিসেবে দেবে – এমন সমঝোতাই হবে বলে ধারণা করা হচ্ছিল। আজ সমঝোতা শেষ পর্যন্ত কীভাবে হয়েছে, তা অ্যাথলেটিক জানায়নি। তবে ক্ষতিপূরণ হিসেবে আনচেলত্তি যে একটা বড় অঙ্কের অর্থই পাচ্ছেন, তা ধারণা করে নিতে কষ্ট হয় না। পাশাপাশি এই সমঝোতার কারণে এখন ব্রাজিলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে নিতেও আর বাধা থাকবে না আনচেলত্তির।
ব্রাজিল শুরু থেকেই চেয়েছে, আনচেলত্তি যাতে জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির আগেই তাদের দলের দায়িত্ব নেন।