ব্রাজিলের কোচ কে হবেন

অনেক প্রতীক্ষার ঘোষণাটা আসবে আগামী সপ্তাহেই  

সর্বোচ্চ আগামী সপ্তাহ, এর চেয়ে বেশি আর দেরি হবে না। এর মধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের পরবর্তী কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়ে দিয়েছে।

গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ লজ্জাজনক হারের পর কোচ দরিফাউ জুনিয়রকে ২৮ মার্চ ছাঁটাই করা হয়। এরপর আর নতুন কোনো কোচকে নিয়োগ দেওয়া হয়নি।

সিবিএফ এর টিম ডিরেক্টর রদ্রিগো কাইতানো স্পোর্তিভিকে বলেছেন, ‘আমরা জানি, ব্রাজিল জাতীয় দলের কোচ বেছে নেওয়াটা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক বড় দায়িত্ব। কিন্তু খুব বেশি দেরি হলে আগামী সপ্তাহ- এর মধ্যেই আমরা সিদ্ধান্ত নিতে চাই।’ 

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল বহুদিন ধরেই চাচ্ছিল। মাদ্রিদও খুব হতাশার এক মৌসুম কাটাচ্ছে বলে এক বছর আগেই আনচেলত্তিকে ছেড়ে নতুন কোচের সন্ধানে আছে। এতে সবাই দুইয়ে দুই মিলিয়ে ফেলেছিলেন।

কিন্তু জুনে ক্লাব বিশ্বকাপ থাকায় এবং চুক্তির ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতায় আনচেলত্তির ব্রাজিলে যাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে গতকালই খবর এসেছে, মাদ্রিদ ও আনচেলত্তি একটি সমঝোতায় এসেছে। ক্লাব বিশ্বকাপ নয়, আগামী রোববার এল ক্লাসিকোর পরই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়ে দিল এই খবর।

জর্জে জেসুসকেও ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান অনেকে। ছবি: রয়টার্স

ব্রাজিল চাইছে ২৬ মের আগে নতুন কোচের নাম ঘোষণা করতে। কারণ, সেদিনই জুনের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দল ঘোষণা করা হবে। এদিকে ২৫ মে লা লিগা শেষ হয়ে যাবে। অবশ্য লিগ নিয়ে আগ্রহ এর আগেই শেষ হয়ে যেতে পারে। বার্সেলোনা যদি রোববারের এল ক্লাসিকো জিততে পারে এবং এরপর ১৫ মে এস্পানিওলের বিপক্ষেও জয় পায়, তাহলে ১৫ মে শিরোপা দৌড় শেষ হয়ে যাবে। 

শুধু আনচেলত্তি নন, ব্রাজিলের পছন্দের কোচের তালিকায় আছেন পর্তুগিজ কোচ জর্জে জেসুস। ফ্ল্যামেঙ্গোর হয়ে ২০২০ সালে সম্ভাব্য সব শিরোপা জেতা এই কোচ গত ৩ মে সৌদি ক্লাব আল-হিলাল থেকে বিদায় নিয়েছেন। ফলে চাইলেই তাঁকে নিয়োগ দিতে পারবে ব্রাজিল।  

কাইতানো বলেছেন, ‘আজ নির্দিষ্ট কোনো নাম বলা খুব কঠিন, কারণ সেটা দরকষাকষিতে ভালো ফল এনে দেবে না। আশা করি আগামী সপ্তাহে এ ব্যাপারে অনেকটাই এগিয়ে যাব।’

কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে চারে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে।