নেইমার মাঠে ফিরতেই বিদায়ঘণ্টা বাজল তাঁর দলের

চোটের কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালে থিতু হতে পারেননি নেইমার। সৌদি ক্লাবটির জার্সিতে দেড় বছরে মাত্র ৭ ম্যাচ খেলে চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের ক্লাব সান্তোসে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা। কিন্তু শৈশবের ক্লাবটিতে গিয়ে একের পর এক চোটের সঙ্গে লড়তে থাকেন।

সর্বশেষ গত এপ্রিলে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে পাওয়া চোট কাটিয়ে ৩৫ দিন পর আজ শুক্রবার মাঠে ফেরেন নেইমার। কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হয়নি ব্রাজিলিয়ান তারকার। কোপা দো ব্রাজিলে দ্বিতীয় বিভাগের ক্লুবে জে হেগাতাসের কাছে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে সান্তোস।

প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর বাংলাদেশ সময় আজ সকালে সিআরবির মাঠ স্তাদিও রেই পেলেতে ফিরতি লেগের ম্যাচটাও নির্ধারিত সময় শেষ হয়েছে গোলশূন্য সমতায়। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নেইমার সান্তোসের হয়ে প্রথম শটে গোল করলেও মিস করেছেন তাঁর দুই সতীর্থ। সিআরবির হয়ে ফেরনান্দো এনরিকও লক্ষ্যভেদ করতে পারেননি। তাতে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে নেইমারের দল।

অবশ্য ম্যাচের শুরু থেকে খেলেননি নেইমার। ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন। অন্তত দুবার বল বানিয়ে দিয়েছিলেন নেইমার। কিন্তু সতীর্থদের মিসে অ্যাসিস্টে নাম লেখাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এছাড়া বক্সের ভেতর থেকে নেওয়া নেইমারের একটি কোনাকুনি শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন সিআরবি গোলকিপার মাথেউস আলবিনো। এতে গোলহীনই থাকতে হয় নেইমারকে।

ম্যাচ টাইব্রেকারে গেলে প্রথম শট নিতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারকে উল্টো দিকে পাঠিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়েছেন নেইমার। সিআরবির হয়ে দ্বিতীয় শট নিতে  গিয়ে এনরিকে মিস করলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সান্তোস। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি গিলের্মে অগুস্তো। সান্তোসের ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারের শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

৫টি করে শট শেষে স্কোরলাইন ছিল ৪-৪। ৬ষ্ঠ পেনাল্টিতে সিআরবির হয়ে ওয়েভারতন গোল করলেও সান্তোসের সেইভালদোর শট ঠেকিয়ে দেন সিআরবি গোলকিপার আলবিনো। একইসঙ্গে নেইমারদের বিদায়ঘণ্টাও বাজিয়ে দেন তিনি।