বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার আক্রমণ, বাফুফের দুঃখ প্রকাশ

হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর থেকে জাতীয় ফুটবল দলের ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এরই মধ্যে অভিষেক হয়েছে ২৭ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ছিল ভারতের শিলংয়ে। দেশের মাটিতে হামজাকে খেলতে দেখার অপেক্ষা তাই বাড়ছিল সমর্থকদের।

সে অপেক্ষার অবসান হতে চলছে আগামী ১০ জুন। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হামজা চৌধুরী তো খেলবেনই, এ ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার শমিত শোমের!

হামজা-শমিতদের ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখতে দর্শকদের উন্মাদনা থাকবে, অনুমিত ছিল। সেটার প্রমাণ মিলল অনলাইনে টিকিট ছাড়ার পর। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচের টিকিট প্রথমে গতকাল দুপুর ১২টায় ছাড়া কথা থাকলে শেষ মুহূর্তে সময় বদলানো হয়।

গতকাল রাত ৮টায় অবমুক্ত হয় অনলাইনে। কিন্তু কিছু সময় পরই ঝামেলা শুরু হয়। কেউ কেউ টিকিট পেলেও অধিকাংশই টিকিট কাটতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে দেশীয় ফুটবল বিষয়ক গ্রুপগুলোতে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। শিগগির নতুন আপডেট জানাতে চেয়েছে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল রাত ১১টা ৪৬ মিনিটে ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শীঘ্রই জানানো হবে।’