২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-পিএসজি ম্যাচটার কথা মনে আছে? শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে জিতে কোয়ার্টারের স্বপ্ন দেখছিল ফরাসি ক্লাবটি। কিন্তু ফিরতি লেগে নেইমারের জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৬-১ ব্যবধানে জিতে শেষ আটে ওঠে বার্সা।
ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর পিএসজি পরের মৌসুমে বার্সা থেকে নেইমারকে বলতে গেলে ছিনিয়ে নিয়ে যায় ২২ কোটি ২০ লাখ ইউরোতে। একই মৌসুমে ধারে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পেও, পরে তাঁকে কিনে নেয় পাকাপাকিভাবে। শুধু এ দুজন নয়, একে একে তারার হাট বসায় পিএসজি। মাঝে তো লিওনেল মেসির মতো মহাতারকাকেও দলে ভিড়িয়েছিল। কিন্তু ফরাসি ক্লাবটির স্বপ্ন অধরাই থেকে গেছে।
এর মধ্যে পিএসজিতে ৬ মৌসুম কাটিয়ে নেইমার ক্লাব ছেড়েছেন। মেসি গেছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এমবাপ্পে সর্বশেষ মৌসুমে যোগ দিয়েছেন রেয়াল মাদ্রিদে। আর এ মৌসুমে কি না বড় সব নামকে ছাড়াই ইন্তার মিলানোকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। নিজেরা ক্লাবের স্বপ্নপূরণের সারথি না হতে পারলেও পুরোনো ক্লাবের সাফল্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি নেইমার ও এমবাপ্পে।
ইনস্টাগ্রামে পিএসজিকে শুভেচ্ছা বার্তায় এমবাপ্পে লিখেছেন, ‘অবশেষে সেই বড় দিনটি এল। বিজয় এসেছে, আর সেটা পুরো দলের প্রচেষ্টায়। অভিনন্দন, পিএসজি।’
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাবটিতে ৭ মৌসুম খেলেছেন এমবাপ্পে। এ সময়কালে ৬টি লিগ আঁ, ৪টি কোপা দে ফ্রান্স, দুটি দে লা লিগসহ মোট ১৫টি শিরোপা জিতেছেন। পিএসজির হয়ে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও ২০২০ সালে লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় এমবাপ্পের।
সেই স্বাদ পেতে সর্বশেষ মৌসুমে মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে! আর এবার চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের যাত্রা থামে শেষ আটে আর্সেনালের কাছে হেরে।
অন্যদিকে পিএসজিতে নেইমার কাটিয়েছেন ছয় মৌসুম। এ সময়কালে ফরাসি ক্লাবটির জার্সিতে ৫টি লিগ শিরোপাসহ মোট ১৩টি ট্রফি জিতেছেন। গতকাল পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতার পর ইনস্টাগ্রামে মার্কিনিওসের শিরোপাসহ একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির সঙ্গে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’ এর সঙ্গে ৫টি হাততালির ইমোজি যোগ করেছেন ব্রাজিলিয়ান তারকা।