ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জর্ডান ও উজবেকিস্তান। গতকাল এশিয়ার অঞ্চলের বাছাই পর্ব থেকে এই দুই দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপ ৪৮ টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। ফলে বিশ্বকাপ বাছাইয়ে বিভিন্ন অঞ্চল থেকে বিশ্বকাপ খেলতে যাওয়া দলের সংখ্যা বেড়েছে।
এখন পর্যন্ত বাছাই পর্ব খেলে ৭টি দল বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে। স্বাগতিক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোসহ সেই সংখ্যা ১০টি। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই তিনটি দেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো সর্বাধিক ৪৮ দল অংশগ্রহন করবে।
স্বাগতিক তিন দেশ ছাড়া এখন পর্যন্ত জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডান বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এখনো আরও ৩৮টি দলের ভাগ্য নির্ধারণ বাকি।
২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে ১৬টি, আফ্রিকা মহাদেশ থেকে ৯টি, এশিয়া থেকে ৮টি, কনমেবল (লাতিন) ও কনকাকাফ (সেন্ট্রাল, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে কমপক্ষে ৬টি দল, ওশেনিয়া থেকে ১টি ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে ২টি দল অংশগ্রহণ করবে।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন অঞ্চল থেকে কোন দে পেতে পারে বিশ্বকাপের টিকিট:
এশিয়া অঞ্চল:
এশিয়া থেকে বাছাই পর্ব খেলে আটটি দল বিশ্বকাপের টিকিট পাবে। এর মধ্যে একটি দল প্লে অফ খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং জর্ডান। পরবর্তী দল হিসেবে অস্ট্রেলিয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে তাঁদের বিশ্বকাপ টিকিট। নিজেদের পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় ব্যবধানে না হারলেই বিশ্বকাপে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। আর দুটি দলকে এএফসির চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।
আফ্রিকা অঞ্চল:
আফ্রিকা থেকে বাছাই পর্ব খেলে মোট নয়টি দল বিশ্বকাপে যাবে। বাকিট একটি দল প্লে অফের সুযোগ পাবে। ২০২৩ সালের নভেম্বরে বাছাই পর্ব শুরু হলেও এখন পর্যন্ত একটি দেশেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়নি। তবে মিশর, মরোক্কো, আইভরি কোস্ট, তিউনেশিয়া ও ঘানার নিজেদের গ্রুপে এগিয়ে আছে। তবে সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া অনেকটাই পিছিয়ে, এখন পর্যন্ত ৬ ম্যাচে জয় মাত্র ১টিতে।
কনকাকাফ (সেন্ট্রাল, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল):
এই অঞ্চল থেকে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করবে। যার মধ্যে স্বাগতিক হিসাবে যুক্তরাস্ট্র, কানাডা আর মেক্সিকো সরাসরি পেয়েছে বিশ্বকাপের টিকিট। এখনো আরও কয়েকটি রাউন্ডের ম্যাচ এই অঞ্চলে বাকি রয়েছে। তবে কোস্টারিকা, জ্যামাইকা ও হন্ডুরাসের মতো দলগুলোকে কঠিন চ্যালেঞ্জ উতরে আসতে হবে।
লাতিন আমেরিকা (কনমেবল):
কনমেবলের বাছাই পর্বের শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে যাবে। যেখান থেকে এরই মধ্যে আর্জেন্টিনা তাদের জায়গা নিশ্চিত করেছে। তালিকার সাত নম্বরে থাকা দলটি প্লে অফ শেষে সুযোগ পাবে। বর্তমানে লাতিন অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, প্যারাগুয়ে, ব্রাজিল, উরুগুয়ে আর কলম্বিয়া। সাত নম্বর আছে ভেনেজুয়েলা।
ওশেনিয়া অঞ্চল:
এই অঞ্চল থেকে নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। অপরদিকে এই অঞ্চল থেকে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলার জন্য নিউ ক্যালেডোনিয়া তাঁদের জায়গা নিশ্চিত করেছে।
ইউরোপ অঞ্চল :
এই অঞ্চল থেকে বিশ্বকাপের সবচেয়ে বেশি ১৬ টি দেশ অংশগ্রহণ করবে। যার মধ্যে বারোটি গ্রুপের শীর্ষ দলগুলো সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। তবে এখন পর্যন্ত কোনো দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়নি।