চোটের কারণে আল হিলাল ছেড়ে নিজ দেশের ক্লাব সান্তসোতে যোগ দিয়েছিলেন। এখানে এসেও চোট তাঁর পিছু ছাড়েনি, এখন সেই চোটের কারণে প্রায় বেঞ্চে বসে থাকতে হয় নেইমার জুনিয়রকে। এবার চোটের কারণে অনিয়মিত নেইমার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
নেইমারের ক্লাব সান্তোস তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার (৫ মে) নেইমারের শরীরে ভাইরাসজনিত উপসর্গ দেখা যেতে শুরু করে। সান্তোসের চিকিৎসা বিভাগের মূল্যায়নের পর ও ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।’
নেইমারের ক্লাব তাঁর সুস্থতায় সব কিছু করছে। গত বৃহস্পতিবার করোনার উপসর্গ দেখা যাওয়ার পর ক্লাবের সব ধরনের কার্যক্রম থেকে দূরে রয়েছেন নেইমার। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন এই ফরোয়ার্ড।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত কেবল ১২ ম্যাচ খেলার সুযোগ হয়েছে নেইমারের। যার মধ্যে ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’তে সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠে নেমে লাল কার্ড দেখেন ৩৩ বছর বয়সী এই তারকা।