‘ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম’-এর অধীনে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং ড্রিমস থ্রু সকার’ শীর্ষক প্রকল্পের সূচনা হয়েছে আজ। সার্বিক সহযোগিতায় থাকছে অভিযাত্রিক ফাউন্ডেশন। ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এই অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ।
এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ১,০০০ এর অধিক শিশুকে দুই বছরের জন্য ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রাজিয়া সুলতানা এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি ।
দুই বছরব্যাপী এই প্রোগ্রামের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থাপনা করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফিফা ফাউন্ডেশনের সঙ্গে অভিযাত্রিক ফাউন্ডেশনের অংশীদারিত্ব গর্ব ও সম্মানের বিষয়। এর আগে এই প্রোগ্রাম ৫৭টি দেশে সফলভাবে পরিচালিত হয়েছে।’
ঢাকার জেলা প্রশাসক এই প্রকল্পের কাঠামোবদ্ধ ফুটবল কার্যক্রম ও শিক্ষা কর্মশালাগুলোর প্রতি কৃতজ্ঞতা ও পূর্ণ সমর্থন জানান। জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশন একসঙ্গে একটি খেলার মাঠকে শান্তির প্ল্যাটফর্মে রূপান্তর করছে, এটি সত্যিই গর্বের।’