মেসি-রোনালদোদের মতোই শাস্তি পেলেন ব্রাজিল কোচ

রেয়াল মাদ্রিদে প্রথম মেয়াদকে ঘিরেই তাঁর বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল। দ্বিতীয় দফায় রেয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর এখন স্প্যানিশ আদালতে শাস্তি পেলেন কার্লো আনচেলত্তি। কর ফাঁকির অভিযোগে এক বছরের জেলের স্থগিত শাস্তি পেয়েছেন ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচ। স্থগিত শাস্তির অর্থ হলো, জেলে যেতে হবে না আনচেলত্তিকে, তবে দুই বছরের মধ্যে আবার একই অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।

জেলের শাস্তির পাশাপাশি জরিমানাও হয়েছে আনচেলত্তির। প্রায় ৪ লাখ ইউরো জরিমানা করা হয়েছে তাঁকে।  

এর আগে লিওনেল মেসি ২০১৭ সালে বার্সেলোনায় থাকার সময়ে কর ফাঁকির দায়ে ২১ মাসের স্থগিত জেলের শাস্তি পেয়েছিলেন, পাশাপাশি জরিমানাও হয়েছিল। অবশ্য আপিলের পর সেই শাস্তি বদলে যায়, স্থগিত জেলের শাস্তি উঠিয়ে নেওয়া হয়, মেসিকে শুধু জরিমানা করা হয় আড়াই লাখ ইউরোর মতো। ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনে কর ফাঁকির দায়ে শাস্তি পেয়েছিলেন ২০১৯ সালে, তবে তিনি আদালতের বাইরে প্রায় ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা দিয়ে মিটমাটের প্রস্তাব মেনে নিয়ে শাস্তি কাটিয়ে নেন।

স্পেনের নিয়ম অনুযায়ী, সহিংসতাজনিত কোনো অপরাধ না হলে এবং প্রথম অপরাধের ক্ষেত্রে জেলের শাস্তিটা দুই বছরের কম মেয়াদের হলে সেটি সাধারণত স্থগিত কারাদণ্ড হয়ে থাকে।

আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগটা রেয়াল মাদ্রিদে তাঁর প্রথম মেয়াদের সময়েই। সে সময়ে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।