ফিফা র‍্যাঙ্কিং

বাংলাদেশ একটু পিছিয়েছে, ভারত এমন পতন ৯ বছরে দেখেনি  

বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিং? ফিফার র‍্যাঙ্কিং আপডেট দেখার দরকার পড়ে না, চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়, বাংলাদেশ ১৮০-১৯০-এর ঘরেই আছে। কয়েক বছর ধরে তা-ই তো হয়ে আসছে!

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে এই অবস্থা থেকে উঠে আসার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেটা আগামী দিনে হবে, সে আশায়ই আছে বাংলাদেশের ফুটবল। তবে আপাতত র‍্যাঙ্কিংয়ে ওই একই ঘেরাটোপে বন্দী থাকতে হচ্ছে বাংলাদেশকে। আজ ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ – ১৮৪ নম্বরে ঠাঁই হয়েছে হামজাদের।

গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছিল বাংলাদেশ। তবে জুনে বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর আবার এক ধাপ নিচে নামতে হলো।

বাংলাদেশের প্রতিবেশি ভারত অবশ্য পতনের রেকর্ডই গড়েছে। জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাছে ১-০ গোলে হারের আগে প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছেও হেরেছে ভারত। এর ফলে আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ নিচে নেমে আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৩তম। র‍্যাঙ্কিংয়ে ভারতের এমন অবস্থান গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে নিচে তারা কখন ছিল খুঁজতে পিছিয়ে যেতে হবে ২০১৬ সালের ডিসেম্বরে, সেবার র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ছিল ১৩৫।   

সাফ অঞ্চলের দলগুলোর মধ্যে পাকিস্তানেরও র‍্যাঙ্কিংয়ে পতন হয়েছে, ৩ ধাপ পিছিয়ে তারা এখন ২০১তম। বিদেশের লিগে খেলা লঙ্কান বংশোদ্ভুত অনেক খেলোয়াড়কে জাতীয় দলে ডেকে পারফরম্যান্সে দারুণ উন্নতি আনা শ্রীলঙ্কা ৪ ধাপ এগিয়েছে, তাদের র‍্যাঙ্কিং ১৯৬। ভুটান ৪ ধাপ পিছিয়ে ১৮৬তম, নেপাল ১ ধাপ পিছিয়ে ১৭৬তম। ঘরোয়া লিগই অনিয়মিত হয়ে পড়া মালদ্বীপ ৭ ধাপ অবনতির পর এখন ১৭১তম।  

এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে জাপান, যদিও তাদের দুই ধাপ অবনতি হয়েছে (১৭তম)। সেরা ২০-এ থাকা অন্য এশিয়ান দল ইরান (দুই ধাপ পিছিয়ে ২০তম)।

সব মিলিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আর্জেন্টিনারই। সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই – স্পেন দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, চারে ইংল্যান্ড, পাঁচ নম্বরে ব্রাজিল। গত জুনে নেশনস লিগ জেতা পর্তুগাল এক ধাপ এগিয়ে ৬ নম্বরে, তাদের জায়গা দিতে এক ধাপ পিছিয়ে ৭-এ নেমে গেছে নেদারল্যান্ডস। সেরা দশে আর অদল-বদল বলতে, জার্মানি এক ধাপ এগিয়ে ৯ নম্বরে, ক্রোয়শিয়া এক ধাপ পিছিয়ে দশম। আট নম্বরে বেলজিয়াম।