নিজের প্রিয় কুকুরকে নিয়ে হাঁটছিলেন, হঠাৎ অন্য কুকুর এসে আক্রমণ চালায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন সাবেক বার্সেলোনা তারকা কার্লোস পেরেজ। দুই কুকুরকে থামাতে গিয়ে নিজের বিশেষ অঙ্গে আঘাত পেয়েছেন ২৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
এমনকি কুকুরের কামড়ে তাঁকে হাসপাতালেও যেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গ্রিসের থার্মি শহরে। বর্তমানে গ্রিক ক্লাব অ্যারিস থেসালোনিকিতে খেলছেন স্প্যানিশ উইঙ্গার কার্লোস পেরেজ।
স্থানীয় গ্রিক সংবাদ মাধ্যম গাজ্জেত্তা ডট জিআরের প্রতিবেদন অনুযায়ী, বিশেষ অঙ্গে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন পেরেজ। থার্মি শহর, যেখানে পেরেজ বর্তমানে থাকছেন সেই জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্প্যানিশ গণমাধ্যম এএসের প্রতিবেদন জানাচ্ছে, বিশেষ অঙ্গে কুকুরের কামড়ে একাধিক ক্ষত দেখা দিয়েছে। তবে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসার পর এই ফুটবলার আপাতত বাড়ি ফিরতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো ধরণের সার্জারির প্রয়োজন হচ্ছে না।
হেতাফের হয়ে গেল মৌসুমে লা লিগায় খেলেছিলেন পেরেজ। তবে চুক্তি আর না বাড়িয়ে বর্তমানে গ্রিক ক্লাব অ্যারিস থেসালোনিকিতে খেলছেন তিনি।
কার্লেস পেরেজ তাঁর ফুটবল জীবন শুরু করেছিলেন এসপানিওলের যুব দল থেকে। ২০১২ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন। এরপর ২০১৯-২০ মৌসুমে এসে বার্সেলোনার মূল দলে সুযোগ পান এই উইঙ্গার। পরবর্তীতে রোমা, সেল্টা ভিগো এবং হেতাফের হয়ে খেলেছেন।