ব্যাখ্যা দিলেন কোচ আনচেলত্তি

নেইমারের চোট নেই, ব্রাজিল দল থেকে তবু কেন বাদ

আগামী বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচের গুরুত্ব তাই নেই বললেই চলে। এই সপ্তাহে সে দুই ম্যাচের স্কোয়াডে ডাক পড়েনি নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর।

রদ্রিগো রেয়াল মাদ্রিদে নিয়মিত খেলতে পারছেন না বলে, ব্রাজিল স্কোয়াডে তাঁর ডাক না পাওয়া নিয়ে প্রশ্ন ওঠেনি। আর ভিনিসিয়ুসকে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। তবে নেইমারের বাদ পড়াটা কৌতূহল জাগিয়েছিল। প্রথমে ভাবা হয়েছিল চোটগ্রস্ত নেইমারের ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় তাঁকে ডাকা হয়নি দলে। কিছুদিন আগেই সান্তোসের জার্সিতে নতুন করে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড।

তবে নেইমার নিজেই বলছেন, তাঁর বর্তমানে কোনো চোট নেই। আর এই ফরোয়ার্ডের এখন যে দশা, তাতে তাঁকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং বেশি বেশি ম্যাচ খেলিয়ে সেরা ফর্ম বের করে আনাটাই জরুরি। তাই নেইমারকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশেষে এই প্রশ্নের জবাব দিয়েছেন। স্বীকার করেছেন চোট নয়, কৌশলগত কারণেই বাদ পড়েছেন নেইমার, ‘অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত এটি।’

২০২৩-এর অক্টোবরের পর থেকেই ব্রাজিল দলে অনুপস্থিত নেইমার। মাঝে একবার দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু দল ঘোষণার সপ্তাহখানেক আগে চোটে পড়ে ছিটকে যান। আর এবার তাঁকে দলেই ডাকা হয়নি।

আগামীকাল চিলির বিপক্ষে ম্যাচ ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কথা বলেছেন আনচেলত্তি, ‘নেইমারের টেকনিকাল দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। প্রতিদিন আমরা যা দেখি, প্রতি ম্যাচের ক্ষেত্রে যা বিবেচ্য, তা হলো শারীরিক ফিটনেস। শুধু ওর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য।’

আনচেলত্তি বলেছেন, আগামী বিশ্বকাপের জন্য তাঁর বিবেচনায় ৭০ জন খেলোয়াড় আছে। এ কারণে, সবাইকে যাচাই করতে চান তিনি, ‘অবশ্যই খেলোয়াড়ের মান বিবেচনা করি, কিন্তু সে সঙ্গে শতভাগ ফিট আছে কিনা তা দেখি। আর দেখি ব্যক্তির জন্য খেলছে নাকি দলের জন্য।’

প্রায় দেড় বছর চোটের সঙ্গে লড়াই শেষ করে এ বছর সান্তোসের জার্সিতে নিয়মিত নামছেন নেইমার। এখন পর্যন্ত ২০ ম্যাচে ৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৩ গোল করিয়েছেন।